শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে আবেদন করলেই ‘করোনার অনুদান’ পাওয়া যাবে এমন গুজবে মৌলভীবাজারের কমলগঞ্জের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে হঠাৎ করেই স্বাস্থ্যবিধি উপেক্ষা করে শিক্ষার্থীদের ঢল নেমেছে। এছাড়া, কম্পিউটার ও ফটোকপির দোকানগুলোতেও শিক্ষার্থীদের উপচেপড়া ভিড় দেখা গেছে।
জানা গেছে, সম্প্রতি কমলগঞ্জ উপজেলার সর্বত্র গুজব ছড়িয়ে পড়ে শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে আবেদন করলেই ৭ থেকে ১০ হাজার টাকা করোনাকালীন অনুদান পাওয়া যাবে। এতে অধিকাংশ শিক্ষার্থী ও অভিভাবক অনুদানের আবেদনের জন্য শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ভিড় জমিয়ে প্রত্যয়নপত্র নিচ্ছেন। তবে গত ৪ ফেব্রুয়ারি এ বিষয়ে প্রতারণা এড়াতে একটি বিজ্ঞপ্তি জারি করে শিক্ষা মন্ত্রণালয়।
কমলগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সামছুন্নাহার পারভীন বলেন, সবাই ১০ হাজার টাকা পাবে এটি গুজব। মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তি মোতাবেক শিক্ষার্থীরা আবেদন করতে পারে, কিন্তু টাকা সবাই পাবে না।
অপরদিকে, দিনাজপুরের পার্বতীপুরেও করোনার কারণে শিক্ষার্থীদের ১০ হাজার টাকা করে সরকারি অনুদান দেওয়ার ‘গুজব’ ছড়িয়ে পড়েছে। গত শনিবার রাত ৯টা পর্যন্ত শহরে ফটোকপি ও অনলাইন সার্ভিসের দোকানগুলোতে ছিল উপচেপড়া ভিড়।
শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের প্রত্যয়ন নিতে শহরের স্কুল, কলেজ ও মাদ্রাসায় যান শিক্ষার্থী ও অভিভাবকরা। শিক্ষার্থীদের অভিযোগ, কোনো কোনো শিক্ষাপ্রতিষ্ঠান বিনামূল্যে প্রত্যয়নপত্র দিলেও কিছু প্রতিষ্ঠান ১০০-১৫০ টাকা পর্যন্ত আদায় করেছে।
