খনিতে ৭ মাস অবরুদ্ধ রাখার অভিযোগে শ্রমিকদের আন্দোলন

আপডেট : ০৮ মার্চ ২০২১, ১১:১৭ পিএম

দিনাজপুরের পার্বতীপুরের বড়পুকুরিয়া কয়লা খনির ৬০৪ জন শ্রমিক করোনাকালীন স্বাস্থ্য বিধির নামে দীর্ঘ প্রায় ৭ মাস খনি অভ্যন্তরে অবরুদ্ধ ছিলেন।  গত রবিবার রাত সোয়া ৮ টার দিকে একযোগে সকল শ্রমিক বিদ্রোহ করে খনির প্রধান ফটক খুলে বের হয়ে এসেছে। এর ফলে খনির কয়লা উৎপাদন প্রায় বন্ধ হওয়ার উপক্রম হয়েছে বলে জানা গেছে।

কয়লা উৎপাদন কাজে নিয়োজিত চীনা ঠিকাদারি প্রতিষ্ঠান এক্সএমসি-সিএমসি কনসোর্টিয়াম চীনা শ্রমিক দিয়ে খনি রক্ষণাবেক্ষণসহ কোনো রকমে এক শিফটে কয়লা উত্তোলন করছে। তবে, আজ সোমবার বিকেল ৪ টার দিকে আন্দোলনকারী ১১৮ জন শ্রমিক কাজে যোগদান করেছেন। বৈশ্বিক করোনা মহামারি পরিস্থিতিতে লকডাউনের কারণে গত বছরের ২৬ মার্চ থেকে বন্ধ হয়ে যায় খনির কয়লা উৎপাদন।

এ ঘটনায় গত রবিবার রাত সাড়ে ১২টায় পার্বতীপুর মডেল থানায় বিশেষ ক্ষমতা আইনে বড়পুকুরিয়া কয়লা খনির ব্যবস্থাপক (নিরাপত্তা) সৈয়দ ইমাম হাসান ২৩ খনি শ্রমিকের নামসহ অজ্ঞাত সংখ্যক শ্রমিককে আসামি করে একটি মামলা দায়ের করেছে। পার্বতীপুর মডেল থানা-পুলিশ আজ সোমবার ভোরে খনি গেটের সামনে থেকে ইব্রাহিম আলী (৪৫) রবিউল সরকার (৩৯), আসাদুজ্জামান জীবন (৩৩) ও মহিবুল ইসলাম ডালিম (৪৩) নামে ৪ শ্রমিককে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃত শ্রমিকদের সোমবার বিকেল ৫টার দিকে আদালতের মাধ্যমে দিনাজপুর জেলহাজতে পাঠিয়েছে পুলিশ।  

বড়পুকুরিয়া কয়লা খনি শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক নুর ইসলাম বলেন, গত বছরের ১২ সেপ্টেম্বর কয়লা খনির তালিকাভুক্ত ১ হাজার ১৪৩ জন শ্রমিকের মধ্যে কোভিড-১৯ পরীক্ষার মাধ্যমে ৬০৪ জন শ্রমিককে খনিতে প্রবেশ করানো হয়। দীর্ঘ ৭ মাস ধরে এসব শ্রমিককে ৩টি ছোট কক্ষে গাদাগাদি করে থাকতে বাধ্য করা হয়। এ সকল শ্রমিকসহ আউটসোর্সিং এর অধীনে প্রায় ২৫২ জন কর্মচারীও খনি কম্পাউন্ড থেকে বের হতো না। পার্শ্ববর্তী মধ্যপাড়া কঠিন শিলা খনিতে শ্রমিকেরা অবাধ চলাচলের অনুমতি পেলেও বড়পুকুরিয়ায় নেই।’

মেকানিক্যাল শ্রমিক রাহেনুল ইসলাম জানান, মায়ের মৃত্যুর জন্য বাড়িতে গেলে আর কাজে যোগদান করতে দেয়নি।

শ্রমিক মো. আনোয়ার হোসেন অভিযোগ করেন, সম্প্রতি তার মায়ের মৃত্যু হলেও কর্তৃপক্ষ তাকে খনি থেকে বের হতে দেয়নি।

খনি শ্রমিক আব্দুর রহিম অভিযোগ করে বলেন, ৭ মাস আগে যখন আমি কাজে যোগ দিতে আসি সে সময় বাড়িতে ৩ মাস বয়সের একটি কন্যা সন্তান রেখে আসি। এখন তার বয়স ১০ মাস। বাড়িতে গেলে সে আমাকে অপরিচিত মনে করে কাছেই ভিড়ছে না, এটা খুবই বেদনাদায়ক। তিনি আরও বলেন, কোভিড-১৯ স্বাস্থ্য বিধির নামে গত ৭ মাস ধরে আমি বাথরুমে ছিলাম। আমরা খনি থেকে বেরিয়ে এসেছি কারণ সেখানে থাকা কঠিন হয়ে পড়েছিল।

এ ছাড়া চীনা ঠিকাদারি প্রতিষ্ঠান কারণে অকারণে দেশীয় শ্রমিকদের জরিমানাসহ নানাভাবে হয়রানি করে আসছিল। পরিস্থিতি অসহনীয় হয়ে পড়ায় শ্রমিকেরা বাইরে আসার দাবিতে গত শুক্রবার সন্ধ্যা থেকে খনির ভেতরে বিক্ষোভ শুরু করে। এ ছাড়া প্রায় এক বছর ধরে বেকার হয়ে পড়া শ্রমিকেরা খনির বাইরে বিক্ষোভ মিছিল করে কাজে যোগদানের দাবি জানায়।

এদিকে, সোমবার সকাল সাড়ে ১১টায় শ্রমিকেরা ৪ দফা দাবি নিয়ে ফুলবাড়ী প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন করেন। সম্মেলন শেষে খনি শ্রমিক ফুলবাড়ী শহরে বিক্ষোভ মিছিল প্রদক্ষিণ করেন।

গত রবিবার দুপুরে দিনাজপুর জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকি, পার্বতীপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাশিদ কায়সার রিয়াদ অচলাবস্থা নিরসনের জন্য খনি কর্তৃপক্ষ এবং আন্দোলনকারী খনি শ্রমিকদের নিয়ে আলোচনা বৈঠক করে। ৪ ঘণ্টা ব্যাপী অনুষ্ঠিত বৈঠক কোন সমঝোতা ছাড়াই শেষ হয়। পরে রাত সোয় ৮ টার দিকে শ্রমিকরা একযোগে খনির মেইন গেট খুলে বাহির হয়ে আসে। খনি নিরাপত্তায় বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। আজ সোমবার দিনাজপুর পুলিশ সুপার মো. আনোয়ার হোসেন এলাকা পরিদর্শন করেছেন।

পার্বতীপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোখলেছুর রহমান জানান- বড়পুকুরিয়া খনির ব্যবস্থাপক (নিরাপত্তা) সৈয়দ ইমাম হাসান বাদী হয়ে ২৩ খনি শ্রমিকের নামসহ অজ্ঞাত সংখ্যক শ্রমিককে আসামি করে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করেছে। পুলিশ ইব্রাহিম আলী (৪৫) রবিউল সরকার (৩৯), আসাদুজ্জামান জীবন (৩৩) ও মহিবুল ইসলাম ডালিম (৪৩) নামে ৪ শ্রমিককে গ্রেপ্তার করেছে।

এ ব্যাপারে আজ সোমবার সন্ধ্যায় ৬টার দিকে বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রকৌশলী মো. কামরুজ্জামানের সাথে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা ও খুদে বার্তা পাঠিয়েও তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত