বঙ্গবন্ধু শিক্ষা বীমার পলিসি বিক্রি করতে চায় বেসরকারি কোম্পানি

আপডেট : ০৯ মার্চ ২০২১, ০১:১৬ এএম

বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) চালু করা ‘বঙ্গবন্ধু শিক্ষা বীমা’র পলিসি বিক্রির আগ্রহের কথা জানিয়েছে বেসরকারি জীবন বীমা কোম্পানিগুলো।

প্রতিষ্ঠানগুলোর পক্ষ থেকে বীমা মালিকদের সংগঠন বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশন (বিআইএ) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগে চিঠি দিয়ে এই আগ্রহের কথা জানিয়েছে। আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সিনিয়র সচিব মো. আসাদুল ইসলাম বরাবর পাঠানো এই চিঠিতে স্বাক্ষর করেছেন বিআইএর প্রেসিডেন্ট শেখ কবির হোসেন।

জাতীয় বীমা দিবস উপলক্ষে গত ১ মার্চ আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘বঙ্গবন্ধু শিক্ষা বীমা’ নামের নতুন এই বীমা প্রকল্প উদ্বোধন করেন। বঙ্গবন্ধু শিক্ষা বীমা প্রকল্পে অর্থায়ন করবে বীমা খাতের নিয়ন্ত্রক সংস্থা বীমা আইডিআরএ। ৩  থেকে ১৭ বছরের শিশুদের জন্য চালু করা বঙ্গবন্ধু শিক্ষা বীমার বার্ষিক প্রিমিয়াম নির্ধারণ করা হয়েছে ৮৫ টাকা। বঙ্গবন্ধু শিক্ষা বীমা পলিসি গ্রহণের পর কোনো কারণে অভিভাবক মারা গেলে, ওই শিশু ১৭ বছর পর্যন্ত মাসিক ৫০০ টাকা করে পাবে।

বর্তমানে দেশব্যাপী এই প্রকল্প বাস্তবায়নে এককভাবে দায়িত্ব দেওয়া হয়েছে রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠান জীবন বীমা করপোরেশনকে (জেবিসি)। দেশের প্রতিটি  জেলা থেকে একটি প্রাথমিক বিদ্যালয়, উচ্চ বিদ্যালয় এবং দাখিল পর্যায়ের মাদ্রাসায় ৩ থেকে ১৭ বছর বয়সী ৫০ হাজার শিক্ষার্থীকে এই বীমা সুবিধা দেওয়া হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত