ঢাকায় নিযুক্ত কসোভোর রাষ্ট্রদূত গুনের উরেয়া বাংলাদেশ ও কসোভোর মধ্যে ব্যবসা-বাণিজ্য ও আমদানি-রপ্তানি বাড়ানোর লক্ষ্যে ‘যৌথ অর্থনৈতিক কমিশনের’ বৈঠকের আহ্বান জানিয়েছেন। বাংলাদেশ একটি উন্নয়নশীল রাষ্ট্র এ কথা উল্লেখ করে তিনি বলেন, ‘ব্যবসা-বাণিজ্য ও আমদানি-রপ্তানি বৃদ্ধি এবং শিল্পকারখানা সম্প্রসারণে যৌথ কমিশনের মিটিং গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’
রাষ্ট্রদূত গুনের গতকাল সোমবার শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এ কথা বলেন। শিল্প মন্ত্রণালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহা. সেলিম উদ্দিন, মন্ত্রীর একান্ত সচিব ও কসোভোর রাষ্ট্রদূতের পিএস এ সময় উপস্থিত ছিলেন।
শিল্পমন্ত্রী এ সময় বাংলাদেশ থেকে কসোভোয় প্রক্রিয়াজাত খাদ্য, চামড়াজাত পণ্য, কৃষি উৎপাদিত পণ্য এবং উৎপাদিত কাঁচামাল নেওয়ার জন্য রাষ্ট্রদূতের প্রতি আহ্বান জানান।
তিনি যৌথ অর্থনৈতিক কমিশনের মিটিংয়ের আগে উভয় দেশের ব্যবসায়িক প্রতিনিধি ও ব্যবসায়ী সংগঠনের নেতাদের মধ্যে আলোচনা ও সফরের প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব আরোপ করেন। মন্ত্রী বলেন, এ সফরের মাধ্যমে ব্যবসা-বাণিজ্য ও শিল্প সম্প্রসারণে উভয় দেশে যেসব সম্ভাবনা রয়েছে তা জানা যাবে।
