জমি নিয়ে বিরোধের জেরে সাতক্ষীরার তালা উপজেলার পাটকেলঘাটায় ছোট ভাইকে হত্যার ঘটনায় এক দিন পর অভিযুক্ত বড় ভাই শাহজাহান মল্লিকের ঝুলন্ত মরদেহ কলারোয়া উপজেলা থেকে উদ্ধার করেছে পুলিশ।
গতকাল মঙ্গলবার সকালে কলারোয়া উপজেলার জয়নগর ইউনিয়নের খোরদো বাটরা গ্রামের একটি বাগানের আমগাছ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। শাহজাহান মল্লিক তালা উপজেলার জগদানন্দকাটি গ্রামের মজিদ মল্লিকের ছেলে।
এর আগে গত রবিবার রাত ৯টার দিকে তালা উপজেলার জগদানন্দকাটি গ্রামের বড় ভাই শাহজাহান মল্লিকের ধারালো অস্ত্রের আঘাতে ছোট ভাই মনতাজ মল্লিক (৩৫) খুন হন বলে মামলায় অভিযোগ করা হয়েছে।
কলারোয়া থানার ওসি খায়রুল কবীর জানান, রবিবার রাতে ছোট ভাই মনতাজ মল্লিক খুন হওয়ার পর থেকে শাহজাহান পলাতক ছিলেন। এর এক দিন পর মঙ্গলবার সকালে কলারোয়া উপজেলার জয়নগর ইউনিয়নের খোরদো বাটরা গ্রামের একটি বাগানের আমগাছে তার ঝুলন্ত মরদেহ দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন।
শাহজাহান মল্লিকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
পাটকেলঘাটা থানার ওসি ওয়াহিদ মোরশেদ মামলার বরাত দিয়ে জানান, রবিবার রাতে ছোট ভাই মনতাজ মল্লিক মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। এ সময় বড় ভাই শাহজাহান মল্লিক কয়েকজনকে সঙ্গে নিয়ে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেন।
