কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে অগ্নিকা-ের ঘটনায় দগ্ধ হয়ে মর্তভান বেওয়া (৭০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ ছাড়া আগুনে পুড়ে মারা গেছে পাঁচটি গবাদিপশু।
গতকাল মঙ্গলবার রাতে উপজেলার তিলাই ইউনিয়নের গোপালপুর গ্রামে আবদুল মজিদের বাড়িতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। মারা যাওয়া মর্তভান বেওয়া আবদুল মজিদের মা।
জানা গেছে, মজিদের বাড়ির গোয়ালে মশা তাড়ানোর কয়েল থেকে আগুনের সূত্রপাত ঘটে। আগুন পাশের ঘরে ছড়িয়ে পড়লে ঘরে থাকা মর্তভান বেওয়া দগ্ধ হন। আহত অবস্থায় উদ্ধার করে মর্তভানকে হাসপাতালে নেওয়া হলে তিনি মারা যান। এ ছাড়া আগুনে পুড়ে গোয়ালের চারটি গরু ও একটি ছাগল মারা যায়।
গতকাল সকালে ক্ষতিগ্রস্ত পরিবারটির বাড়ি পরিদর্শন করেন ভুরুঙ্গামারী উপজেলা চেয়ারম্যান মো. নুরুন্নবী চৌধুরী খোকন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) দীপক কুমার দেব শর্মা ও ভুরুঙ্গামারী থানার ওসি মো. আতিয়ার রহমান। এ সময় অগ্নিকা-ের শিকার পরিবারটিকে নগদ ১০ হাজার টাকা, দুই বস্তুা চাল ও শুকনো খাবার দেওয়া হয়েছে।
ভুরুঙ্গামারী উপজেলা চেয়ারম্যান জানান, পরিবারটির আনুমানিক ৪-৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।
