মৌলভীবাজার শ্রীমঙ্গলে গোপন সংবাদের ভিত্তিতে শ্রীমঙ্গল উপজেলার ৪নং সিন্দুরখান ইউপির সিক্কা গ্রাম থেকে বিপুল পরিমাণ ভেজাল চা-পাতা উদ্ধার করেছে শ্রীমঙ্গল থানা পুলিশ।
বুধবার রাত সোয়া ১০টায় শ্রীমঙ্গল থানা-পুলিশের পুলিশ পরিদর্শক অপারেশনস নয়ন কারকুনের নেতৃত্বে এসআই আল আমিন, প্রীতম কর সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে এসব ভেজাল চা পাতা উদ্ধার করা হয়।
শ্রীমঙ্গল থানা সূত্রে জানা যায়, সিন্দুরখান ইউপির সিক্কা গ্রামের বসত বাড়িতে বিপুল পরিমাণ চোরাই চা-পাতা মজুদ রয়েছে তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে ৮৭ বস্তা গ্রিন টি, গুঁড়া মিশ্রিত ডাস্ট চা পাতা উদ্ধার করা হয়েছে।
শ্রীমঙ্গল থানা-পুলিশ পরিদর্শক অপারেশনস নয়ন কারকুন জানান, প্রাথমিক তদন্তে জানা যায় আসামিরা শ্রীমঙ্গল উপজেলার বিভিন্ন চা বাগান হতে চা পাতা ও অন্যান্য গাছের পাতা সংগ্রহ করে তাদের নিজেদের প্রযুক্তির মাধ্যমে শুকিয়ে ডেকি বা অন্যান্য যন্ত্রপাতির মাধ্যমে অভিনব কায়দায় গুঁড়া করে কেমিক্যাল জাতীয় অন্যান্য দ্রব্যাদি মিশ্রণ করে ভেজাল চা পাতা প্রস্তুত করে বিক্রয়ের উদ্দেশে মজুত রাখে।
পলাতক আসামিদের গ্রেপ্তারে থানা-পুলিশের অভিযান অব্যাহত আছে বলেও জানান তিনি।
