সংযোগ সড়ক নির্মাণে জমির মালিকের বাধায় সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পোরজনা ইউনিয়নের হুরাসাগর খালের ওপর নির্মিত ১২০ ফুট দৈর্ঘ্যরে সেতুটি এলাকাবাসীর কোনো কাজে আসছে না। এলজিইডি ২ কোটি ৪৯ লাখ টাকা ব্যয়ে এ সেতুটির নির্মাণকাজ ছয় মাস আগে শেষ করেছে।
সেতুটির দক্ষিণ পাশের সংযোগ সড়ক নির্মাণ সম্পন্ন হয়েছে। শুধু উত্তর পাশের ২০০ গজ সংযোগ সড়ক নির্মাণ হলেই এই এলাকার প্রায় ১২টি গ্রামের অন্তত ১৫ হাজার মানুষের যাতায়াতে দুর্ভোগ লাঘব হবে।
কিন্তু গ্রামের প্রভাবশালী ব্যক্তি আজিমুল ইসলাম দীর্ঘদিন ধরে ১নং খতিয়ানভুক্ত সড়কের সম্পত্তি ভোগদখল করে চাষাবাদ করে আসছে। এখন সংযোগ সড়ক নির্মাণের প্রয়োজনে ভূমি অফিস থেকে তাকে ওই জমি ছেড়ে দিতে বলা হলে তিনি তার ক্ষতিপূরণ বাবদ ওই জমির সমপরিমাণ মূল্য দাবি করেন। তার এ দাবি পূরণ না হওয়ায় তিনি ওই জমিতে সংযোগ সড়ক নির্মাণে বাধা প্রদান করায় সংযোগ সড়ক নির্মাণ করা সম্ভব হচ্ছে না।
এ বিষয়ে জমির মালিক দাবিদার আজিমুল ইসলাম বলেন, হুরাসাগর খাল কাটার সময় নকশা অনুযায়ী না কেটে আমার জমি কাটা হয়। আর নকশার জমি আমাকে ভোগ করতে বলা হয়। সেই থেকে আমি এ জমি ভোগদখল করে আসছি। এখন আমাকে ক্ষতিপূরণ বাবদ এ জমির সমপরিমাণ মূল্য পরিশোধ করা হলে জমি অবশ্যই ছেড়ে দেব। এ বিষয়ে শাহজাদপুর উপজেলা এলজিইডি অফিসের উপসহকারী প্রকৌশলী আবু বক্কার সিদ্দিক বাচ্চু বলেন, উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার ওই জমিটি ১নং খতিয়ানভুক্ত দেখিয়েছে।
শাহজাদপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মাসুদ হোসেন বলেন, সরেজমিন পরিদর্শন করে অচিরেই এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।
