রাস্তায় কুড়িয়ে পাওয়ার পরও টাকা নিজে রেখে না দিয়ে থানায় জমা দিয়ে উদারতার পরিচয় দিয়েছেন স্কুল শিক্ষার্থী সজীব হাওলাদার।
বৃহস্পতিবার দুপুরে নগরের ভাটিখানা সড়কে দুই বান্ডিল টাকা কুড়িয়ে পান সজীব। প্রকৃত মালিকের জন্য অপেক্ষা করেন। পরে না পেয়ে শেষ পর্যন্ত নগরীর কাউনিয়া থানা-পুলিশে জমা দেন তিনি।
কিশোর সজীব হাওলাদার নগরীর ভাটিখানা এলাকার অস্থায়ী বাসিন্দা সুবোধ হাওলাদারের ছেলে এবং স্থানীয় বাচ্চু মিয়ার ভাড়াটিয়া। তিনি নগরীর টাউন মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।
নগরীর কাউনিয়া থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) মিরাজ মোল্লা জানান, বৃহস্পতিবার দুপুরের দিকে নগরীর ভাটিখানা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অফিস সংলগ্ন রাস্তায় ২ বান্ডিল টাকা কুড়িয়ে পায় সজীব। এরপর টাকাগুলো নিয়ে ওই এলাকার এক দোকানির সঙ্গে আলাপ করে এর প্রকৃত মালিককে খোঁজেন ফিরিয়ে দেয়ার জন্য। তাৎক্ষণিক প্রকৃত মালিক না পাওয়ায় স্থানীয়দের পরামর্শে কাউনিয়া থানায় ওই দুই বান্ডিল টাকা জমা দেয় সে। টাকা পুলিশের জিম্মায় রয়েছে।
তিনি বলেন, প্রকৃত মালিক শনাক্ত করার জন্য টাকার সু-নির্দিষ্ট পরিমাণ ও অন্যান্য তথ্য খোলাসা করেনি পুলিশ। উপযুক্ত প্রমাণ সাপেক্ষ প্রকৃত মালিকের কাছে টাকা ফেরত দেয়া হবে বলে তিনি জানান।
