কুষ্টিয়ায় এসপি কার্যালয়ে সংবাদ সম্মেলনে যমুনা টিভির জেলা প্রতিনিধি মাহাতাব উদ্দিন লালনের ওপর হামলা ও নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়ায় রাজনৈতিক, জেলা ও পুলিশ প্রশাসনের সব সংবাদ বর্জনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
গতকাল শুক্রবার বেলা ১১টায় কুষ্টিয়া প্রেস ক্লাব মিলনায়তনে সভাপতি গাজী মাহবুবের সভাপতিত্বে অনুষ্ঠিত এক জরুরি সভায় উপস্থিত সব ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় কর্মরত মূলধারার সাংবাদিকদের মতামতের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এ সময় কুষ্টিয়া প্রেস ক্লাব, কুষ্টিয়া এডিটরস ফোরাম, কুষ্টিয়া টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, জেলা ইউনাইটেড অনলাইন প্রেস ক্লাব ও জেলা টেলিভিশন ক্যামেরাপারসন অ্যাসোসিয়েশনের নেতারা।
দাবি আদায় না হওয়া পর্যন্ত এ সিদ্ধান্তে অনড় থাকার ঘোষণা দেন সাংবাদিকরা। সেই সঙ্গে এ যাবৎকাল প্রভাবশালী মহলের রক্তচক্ষুর ভয়ে যেসব সংবাদ তুলে ধরা থেকে সাংবাদিকরা বিরত ছিলেন সেগুলোও এখন থেকে একযোগে তুলে ধরার ঘোষণা দিয়েছেন উপস্থিত গণমাধ্যমকর্মীরা। এ সময় সেখানে প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আনিসুজ্জামান ডাবলুসহ সব নেতারা উপস্থিত ছিলেন।
