ট্রাক্টরের ধাক্কায় নিহত ১: ইউএনওর ওপর এলাকাবাসীর হামলা

আপডেট : ১৬ মার্চ ২০২১, ০৮:২০ পিএম

চুয়াডাঙ্গার জীবননগরে মাটি বোঝাই ট্রাক্টরের ধাক্কায় বাইসাইকেল চালক নিহতের ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) ওপর হামলা চালিয়েছে স্থানীয়রা। পরে পুলিশ ও জনপ্রতিনিধি ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করেন। মঙ্গলবার দুপুরে উপজেলার কাটাপোল গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, মঙ্গলবার দুপুরে সাইকেলে বাড়ি ফিরছিলেন ঝিনাইদহরে মহেশপুর উপজেলার বাথানগাছি গ্রামের ওহিদুল বিশ্বাস। এ সময় কাটাপোল এলাকায় পৌঁছালে মাটি বোঝাই একটি ট্রাক্টর সাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই সাইকেল চালক ওহিদুল নিহত হন। এ দুর্ঘটনা ওহিদুলের সঙ্গে থাকা শিশু পুত্র ইয়াসিনও আহত হয়েছেন।

দুর্ঘটনায় হতাহতের খবরে ক্ষোভে ফেটে পড়ে গোটা এলাকা। এ সময় ক্ষুব্ধ লোকজন দুর্ঘটনা কবলিত ট্রাক্টরটি আটকে রাখে। তবে ট্রাক্টরের চালক ও হেলপার পালিয়ে যান।

খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা  (ইউএনও) এসএম মুনির লিংকন পুলিশের একটি দল নিয়ে ঘটনাস্থলে পৌঁছান। এ সময় ক্ষুব্ধ জনতা ইউএনও ও তার সহযোগীদের ধাওয়া করে ও ইটপাটকেল নিক্ষেপ করেন। এতে মাথায় আঘাত পান ইউএনও। তাকে উত্তেজিত জনতা একটি বাড়িতে অবরুদ্ধ করে রাখে। পরে জীবননগর উপজেলা চেয়ারম্যান হাফিজুর রহমানসহ স্থানীয় জনপ্রতিনিধি তাকে উদ্ধার করেন।

স্থানীয় লোকজনের অভিযোগ, এলাকায় অবৈধভাবে মাটি কাটা হচ্ছে। প্রশাসনকে জানিয়েও কোনো লাভ হয়নি। এই মাটি বহনের জন্য ট্রাক্টর ওই গ্রামে যাতায়াত করে। এ কারণে দুর্ঘটনার পর ক্ষুব্ধ হন তারা।

জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, দুর্ঘটনার পর ইউএনও ঘটনাস্থলে গেলে তার ওপর চড়াও হয় ক্ষুব্ধ জনতা। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা শেষে বাসায় পৌঁছে দেওয়া হয়েছে।

এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এ ঘটনায় ইউএনও ও নিহতের পরিবার দুটি মামলার প্রস্তুতি নিচ্ছেন বলেও জানান ওসি।

তবে ইউএনও মুনিম লিংকনের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত