বগুড়ায় ছাত্রলীগের দুপক্ষের সংঘর্ষের সময় ছুরিকাহত তাকবির ইসলাম খান (২৫) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গতকাল মঙ্গলবার বেলা সোয়া ৩টার দিকে তিনি বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে মারা যান। হাসপাতালের উপপরিচালক ডা. আবদুল ওয়াদুদ বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত তাকবির বগুড়া জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। তিনি বগুড়া শহরের মালতিনগর দক্ষিণপাড়ার জহুরুল ইসলাম খান দুলালের ছেলে। ছাত্রলীগের নেতাকর্মীরা জানান, গত ১১ মার্চ বগুড়া শহর থেকে ধুনট উপজেলায় দলীয় কর্মসূচিতে যাওয়ার সময় জেলা ছাত্রলীগ নেতা তাকবিরের মোটরসাইকেলের সঙ্গে জেলা ছাত্রলীগের সদস্য জাহিদ হাসানের মোটরসাইকেলের ধাক্কা লাগে। এ নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এর জের ধরে রাত ৯টার দিকে শহরের সাতমাথা এলাকায় দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় তাকবিরসহ পাঁচজন আহত হন। তাদের মধ্যে তিনজনকে শজিমেক হাসপাতালে ভর্তি করা হয়।
বগুড়া সদর থানার ওসি হুমায়ুন কবির বলেন, তাকবিরের মায়ের করা মামলাটি হত্যা মামলা হিসেবে চলবে।
