পদত্যাগ করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রধান উপদেষ্টা পি কে সিনহা। ভারতীয় গণমাধ্যম জানায়, ব্যক্তিগত কারণ দেখিয়েই তিনি পদত্যাগ করেছেন। তবে, মোদির আস্থাভাজন এই আমলার আচমকা পদত্যাগের ঘটনা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।
ক্যাবিনেট সচিব হিসেবে দীর্ঘদিন দায়িত্ব সামলানোর পর গত ১৮ মাস ধরে প্রধানমন্ত্রী মুখ্য উপদেষ্টার দায়িত্ব সামলাচ্ছিলেন পি কে সিনহা।
পি কে সিনহাকে জায়গা করে দেওয়ার জন্যই প্রধানমন্ত্রীর মুখ্য উপদেষ্টার পদটি ২০১৯ সালে তৈরি করা হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যত দিন দায়িত্বে থাকবেন, তত দিনই মুখ্য উপদেষ্টা হিসেবে এই পদে পি কে সিনহা থাকবেন বলেই তার নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে দাবি করা হয়েছিল৷
দিল্লির অন্যতম অভিজ্ঞ আমলা পি কে সিনহা ১৯৭৭ সালের ব্যাচের এই আইএএস উত্তর প্রদেশ ক্যাডারের অফিসার ছিলেন।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যখন প্রথমবার প্রধানমন্ত্রী হন, তখন পি কে সিনহা ক্যাবিনেট সচিব ছিলেন। ২০১৯ সালে যখন মোদি দ্বিতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন, তার পর পি কে সিনহাকে প্রধানমন্ত্রীর অফিসে অফিসার অন স্পেশাল ডিউটি হিসেবে নিয়োগ দেয়া হয়। তবে বিশেষ একটি পদ তৈরি করা হলেও পি কে সিনহাকে আলাদা করে কোনও পদমর্যাদা দেওয়া হয়নি।
ইউপিএ আমলেও তিনজন কেন্দ্রীয় মন্ত্রীর সচিব হিসেবে দায়িত্ব সামলেছেন পি কে সিনহা। নরেন্দ্র মোদি সরকারের পিএমও-তে সব মন্ত্রণালয় এবং দপ্তরের নীতি সংক্রান্ত বিষয়গুলি দেখতেন পি কে সিনহা।
