কুড়িগ্রামে কলেজ শিক্ষক ও জেলা ছাত্রলীগের সাবেক সিনিয়র সহসভাপতি আতাউর রহমান মিন্টুকে কুপিয়ে মারাত্মকভাবে জখম করা হয়েছে। এতে তার এক হাত ও এক পা প্রায় বিচ্ছিন্ন হয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার দুপুর ২টার দিকে রাজারহাট উপজেলার ছিনাই ইউনিয়নের পালপাড়া এলাকায় এক ঘটনা ঘটে।
হামলায় জড়িতদের গ্রেপ্তার দাবিতে কুড়িগ্রাম-রংপুর মহাসড়কের কাঠালবাড়ী ও জেলা শহরের শহীদ মিনার এলাকায় সড়ক অবরোধ করে স্থানীয়রা।
এলাকাবাসী ও পুলিশ জানায়, দুপুর ২টার দিকে আতাউর রহমান মিন্টু ওই এলাকায় গেলে একদল সন্ত্রাসী ধারালো অস্ত্র নিয়ে তার ওপর হামলা চালায়। অস্ত্রের কোপে আতাউর রহমান মিন্টুর এক হাত ও এক পা প্রায় বিচ্ছিন্ন হয়ে পড়ে। এসময় স্থানীয়রা এগিয়ে এলে সন্ত্রাসীরা সেখান থেকে চলে যায়। পরে তাকে উদ্ধার করে রংপুর মেডিকেলে পাঠানো হয়। আতাউর রহমান মিন্টু ফুলবাড়ী উপজেলার বড়ভিটা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলতাফ হোসেনের ছেলে।
রাজারহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) রাজু সরকার ঘটনার সত্যতা স্বীকার করে জানান, আহত মিন্টুকে গুরুত্বর অবস্থায় রংপুরে নিয়ে যাওয়া হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত মামলা হয়নি।
