সুপ্রিম কোর্ট বারের সভাপতি মতিন খসরু করোনা আক্রান্ত

আপডেট : ১৬ মার্চ ২০২১, ১১:০৭ পিএম

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির (সুপ্রিম কোর্ট বার) সভাপতি অ্যাডভোকেট আব্দুল মতিন খসরু করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।বর্তমানে তিনি রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন আছেন।

সুপ্রিম কোর্টে তার চেম্বারের কনিষ্ঠ আইনজীবী গোলাম রাব্বানী শরীফ মঙ্গলবার দেশ রূপান্তরকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘সুপ্রিম কোর্ট বারের নির্বাচনের প্রচারে বেশ কিছুদিন ব্যস্ত ছিলেন স্যার (মতিন খসরু)। নির্বাচনের ফলাফল ঘোষণা পর্যন্ত সুপ্রিম কোর্টে ছিলেন তিনি। গত দুদিন ধরে স্যারের জ্বর ছিল। আজ করোনা পরীক্ষার ফল পজিটিভ আসে। এরপরই  সরকারের উচ্চ পর্যায়ের নির্দেশনায় তাকে সিএমএইচ- এ ভর্তি করা হয়। তার শারীরিক অবস্থা এখন ভালো।’

সুপ্রিম কোর্ট বারের (২০২১- ২০২২) নির্বাচনের ভোটগ্রহণ শেষে গত ১৩ মার্চ ফল ঘোষণা করা হয়। এতে আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ (সাদা প্যানেল) থেকে সভাপতি প্রার্থী হিসেবে জয়লাভ করেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক আইনমন্ত্রী আব্দুল মতিন খসরু। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী পরিষদের অ্যাডভোকেট ফজলুর রহমান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত