কাদের মির্জাকে আইনের আওতায় আনার দাবি উপজেলা আ.লীগের

আপডেট : ১৭ মার্চ ২০২১, ১২:০৬ পিএম

বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জার নির্লজ্জ মিথ্যাচার ও সকল অনিয়মের দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছে কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ।

মঙ্গলবার রাতে কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা খিজির হায়াত খাঁন ও সাধারণ সম্পাদক নুরনবী চৌধুরী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ দাবি জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জা কর্তৃক বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার সরকারের অর্জনকে পরিকল্পিতভাবে প্রশ্নবিদ্ধ করা ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপি ও তার স্ত্রী ইসরাতুন্নেছা কাদেরসহ উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দের নামে মিথ্যাচার ও নির্লজ্জ অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

একই সঙ্গে, আব্দুল কাদের মির্জার খুনের রাজনীতি, টেন্ডারবাজি, চাঁদাবাজি, অবৈধ সম্পদ অর্জন, চাকরি বাণিজ্য, নমিনেশন বাণিজ্যসহ সকল অপকর্ম এনএসআই, ডিজিএফআই, দুদকসহ যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে তদন্ত করে দ্রুততম সময়ের মধ্যে তাকে আইনের আওতায় আনার জোর দাবি জানাচ্ছি। 

এ বিষয়ে কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা খিজির হায়াত খানের ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, সভাপতি ও সাধারণ সম্পাদক দুজনের যৌথ স্বাক্ষরে প্রেস বিজ্ঞপ্তি দেয়া হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ রয়েছে, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে পূর্বঘোষিত কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সকল কর্মসূচি জেলা প্রশাসনের অনুরোধে স্থগিত করা হলো।  

×
সর্বশেষ সর্বাধিক পঠিত