বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মদিনে শ্রদ্ধা জানাতে গিয়ে তার সঙ্গে চীনের সাবেক নেতাদের কেমন সম্পর্ক ছিল, সেটি স্মরণ করে দেশটির বর্তমান প্রেসিডেন্ট শি চিন পিং বলেছেন, আগের প্রজন্মের যারা দেশকে এগিয়ে দিয়েছে সুদিনে তাদের ভোলা উচিত নয়।
বঙ্গবন্ধু ১৯৫২ এবং ১৯৫৭ সালে চীন সফরে যান। সেই সময়ের কথা স্মরণ করে শি বুধবার ভিডিওবার্তায় বলেন, ‘বঙ্গবন্ধু দুইবার চীনে এসেছিলেন। ওই সময় তিনি সাবেক চেয়ারম্যান মাও সেতুং এবং চৌ এন লাইয়সহ অন্য নেতাদের সঙ্গে সম্পর্ক গড়েন।’
চীনের একটি প্রবাদের কথা স্মরণ করে শি বলেন, ‘যারা কুয়া খনন করল, পানি পানের সময় তাদের ভুলে যেও না। আগের প্রজন্মের নেতারা কী করেছেন সেটি অবশ্যই আমাদের মনে রাখতে হবে, চীন-বাংলাদেশের সম্পর্কের খাতিরে।’
স্বাধীনতার পরে গত পাঁচ দশকে বাংলাদেশ যেভাবে উন্নতি করেছে তা দেখে মুগ্ধতা প্রকাশ করে শি জিনপিং বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশংসা করেছেন।
‘বাংলাদেশ জাতীয় উন্নতিতে অনেক এগিয়েছে। স্মরণীয় সব অর্জনে নাম লিখিয়েছে তারা। বিশেষ করে সাম্প্রতিক বছরগুলোতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে চলেছে।’
