প্রতিবন্ধী ধর্ষণ: ‘ধামাচাপা দেওয়ার চেষ্টা’ জনপ্রতিনিধিদের

আপডেট : ১৯ মার্চ ২০২১, ০৯:১৪ পিএম

মিষ্টি খাওয়ানোর কথা বলে ডেকে নিয়ে মোংলায় শারীরিক প্রতিবন্ধী এক তরুণীকে (১৮) ধর্ষণের অভিযোগ উঠেছে। উপজেলার মিঠাখালী ইউনিয়নে প্রতিবন্ধী ওই তরুণীকে ধর্ষণ করে নয়ন মন্ডল। এ ঘটনা ধামাচাপা দিতে ইউপি চেয়ারম্যান ও দুই মেম্বর সমঝোতার চেষ্টা করছেন বলে অভিযোগ।

জানা যায়, ইউপি চেয়ারম্যান ও দুই মেম্বর ধর্ষণের শিকার তরুনীর বাবাকে নানা কৌশলে বিচারের কথা বলে হয়রানি করছেন। তাদের আশ্বাসে থানায় কোনো অভিযোগ করেননি তিনি। এর সুবিধা নিয়ে অভিযুক্ত নয়ন মন্ডল পলতাক রয়েছেন বলে জানা গেছে।

এলাকাবাসী জানান, একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে সমালোচনার ঝড় ওঠে। ওই ভিডিওতে ধর্ষণের শিকার তরুণী (১৮) বলেন, নয়ন মন্ডল মিষ্টি খাওয়ানোর কথা বলে ডেকে নিয়ে মুখ চেপে ধরে ধর্ষণ করে।

তরুণী জানান, এ ঘটনায় স্থানীয় ইউপি সদস্য আজমল হোসেন ও সজল এবং চেয়ারম্যান মো. ইস্রাফিল হাওলাদারের মধ্যস্থতায় শালিস বৈঠক করে সমাধান করা হবে বলে জানা গেছে। কিন্তু ঘটনার এক মাস পার হলেও বিচার পাননি তিনি।

তরুনীর বাবা বলেন, আজমল ও সজল মেম্বর বলেছিল তারা চেয়ারম্যান ইস্রাফিলের মাধ্যমে এর বিচার করবেন। কিন্তু চেয়ারম্যান এখনো বিচার করেননি। এ ব্যাপারে ওই দুই মেম্বর থানায় অভিযোগও করতে দেয়নি।

ইউপি মেম্বর সজল বলেন, আমি এ ঘটনার কিছু জানি না, সব কিছু আজমল মেম্বর জানে।

মেম্বর আজমল বলেন, আমাদের চেয়ারম্যান ইস্রাফিল হাওলাদার নির্বাচন নিয়ে ঝামেলায় আছেন, সে কারণে এই বিচার করা হয়নি।

তবে এ সম্পর্কে ইউপি চেয়ারম্যান মো. ইস্রাফিল হাওলাদার বলেন, নিউজ করার দরকার নেই, আমি দেখছি, কী করা যায়।

মোংলা থানার ওসি ইকবাল বাহার চৌধুরী বলেন, এ বিষয়ে আমি কিছু জানি না। কেউ কিছু জানায়নি, অভিযোগও দেয়নি। অভিযোগ পেলে অবশ্যই আইনগত ব্যবস্থা নেয়া হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত