চুয়াডাঙ্গায় ট্রেনে কেটে ব্যবসায়ীর মৃত্যু আদিতমারীতে পা বিচ্ছিন্ন

আপডেট : ২০ মার্চ ২০২১, ১২:০৭ এএম

চুয়াডাঙ্গায় ট্রেনে কাটা পড়ে আবদুল লতিফ আরিফ (৫২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল শুক্রবার সকাল ১০টার দিকে চুয়াডাঙ্গা রেলবাজারের রেল গেটের অদূরে এ দুর্ঘটনা ঘটে। নিহত আবদুল লতিফ আরিফ চুয়াডাঙ্গা পৌর শহরের রেলপাড়ার মৃত গোলাম নবী মল্লিকের ছেলে। তিনি পেশায় মুদি ব্যবসায়ী ছিলেন।

চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশন মাস্টার একেএম ইউসুফ পলাশ জানান, সকালে খুলনা থেকে ছেড়ে আসা রাজশাহীগামী আন্তঃনগর কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেন চুয়াডাঙ্গা স্টেশনে যাত্রাবিরতি করে। ট্রেনটি স্টেশন থেকে ছেড়ে যাওয়ার সময় রেললাইনের ওপর দিয়ে হেঁটে যাওয়া আবদুল লতিফকে ধাক্কা দেয়। এতে শরীর থেকে মাথা বিচ্ছিন্ন হয়ে ঘটনাস্থলেই মারা যান লতিফ।

অন্যদিকে লালমনিরহাটের আদিতমারীতে চলন্ত ট্রেনে কাটা পড়ে রিজু (১৫) নামে এক কিশোরের পা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। রিজু উপজেলার ভাদাই ইউনিয়নের টিএনটিপাড়ার হার্ডওয়্যার ব্যবসায়ী নুর হকের ছেলে। গতকাল উপজেলার পলাশী ইউনিয়নের নামুড়ী রেলস্টেশনসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটেছে।

রিজুকে প্রথমে আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত