দিনাজপুরের ঘোড়াঘাটে চালবোঝাই ট্রাক থেকে ৮০০ বোতল ফেনসিডিলসহ ঢাকাগামী একটি ট্রাক জব্দ করেছে ঘোড়াঘাট থানা-পুলিশ। এ ঘটনায় ট্রাকের হেলপার দিলদার আলী ওরফে মোক্তাদুর রহমানকে (৩৬) গ্রেপ্তার করা হয়েছে।
ট্রাক চালক ও ট্রাকের মালিকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছে পুলিশ।
গ্রেপ্তার দিলদার আলী দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার তুলশীপুর গ্রামের ওমর আলীর ছেলে।
অপরদিকে মামলার অপর দুজন আসামি হলেন- একই উপজেলার তুলশীপুর মাজাপাড়া গ্রামের নওশাদ আলীর ছেলে পলাতক ট্রাক ড্রাইভার রানা মিয়া (৩২) এবং দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার খোয়ারপাড়া গ্রামের মৃত ওফিজ উদ্দিনের ছেলে ট্রাক মালিক হাফিজুর রহমান (৩৪)।
পুলিশ জানায়, আজ শনিবার মধ্যরাতে উপপরিদর্শক ফজলার রশিদের নেতৃত্বে পুলিশের একটি দল দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের কানাগাড়ী বাজার এলাকায় চেকপোস্ট স্থাপন করে তল্লাশি অভিযান শুরু করে।
এ সময় ঢাকাগামী চালবোঝাই একটি ট্রাককে (ঢাকা মেট্রো-ট-২৪-৪০০৪) থামার সংকেত দিলে চালক গাড়ি থামিয়ে কৌশলে পালিয়ে যায়। পরে পুলিশ প্রায় ১৪ টন চালবোঝাই ট্রাকটিতে তল্লাশি চালিয়ে চালকের পেছনে সিটের নিচে দুটি পাটের বস্তা এবং ট্রাকের কেবিনের উপর বিশেষ কায়দায় লুকানো আরও দুটি পাটের বস্তা থেকে ৮০০ বোতল ফেনসিডিল উদ্ধার করে।
ঘোড়াঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিম উদ্দিন বলেন, পলাতক ট্রাক চালক এবং ট্রাকের মালিক দীর্ঘদিন ধরে চোরাই পথে ভারত থেকে মাদক সংগ্রহ করে কৌশলে ট্রাকে ধান, চাল, ভুট্টা ও সবজি পরিবহনের আড়ালে মাদকদ্রব্যগুলো বাংলাদেশের বিভিন্ন জেলায় পাইকারি বাজারে বিক্রি করতেন।
ট্রাকের মালিক একজন প্রতিষ্ঠিত মাদক ব্যবসায়ী। গ্রেপ্তার হওয়া হেলপারকে আজ দিনাজপুর জেলা কারাগারে প্রেরণ করা হবে এবং অপর দুজন আসামিকে দ্রুত গ্রেপ্তার করতে আমরা কাজ করে যাচ্ছি।
