মোংলায় এক প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগে নয়ন মন্ডল নামে একজনকে আটক করেছে পুলিশ।
শনিবার দিবাগত রাতে উপজেলার মিঠাখালী ইউনিয়নের দত্তেরমেঠ এলাকার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।
এর আগে ধর্ষণের শিকার তরুণীর বাবা সুশান্ত মন্ডল বাদী হয়ে নয়ন মন্ডলের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। নয়নকে শনিবার সকালে বাগেরহাট আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছে পুলিশ।
মোংলা থানার অফিসার ইনচার্জ মো. ইকবাল বাহার চৌধুরী জানান, উপজেলার মিঠাখালী ইউনিয়নের দত্তেরমেঠ গ্রামের দিনমজুর সুশান্ত মন্ডলের বুদ্ধি প্রতিবন্ধী তরুণী মেয়েকে (১৮) গত ১৪ ফেব্রুয়ারি সকালে মিষ্টি খাওয়ানোর প্রলোভন দেখিয়ে বাসায় ডেকে নিয়ে ধর্ষণ করেন গৌতম মন্ডলের ছেলে নয়ন মন্ডল (২০)।
পরে এ ঘটনা কাউকে না বলতে নয়ন ওই প্রতিবন্ধী তরুণীকে হুমকি এবং ভয়ভীতি দেখায়। পরবর্তীতে ওই তরুণী তার পরিবারকে বিষয়টি খুলে বলেন।
পরে তার পরিবার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের জানালে তারা বিচারের আশ্বাস দেন। বিচারের চেয়ে এক মাসের অধিক সময় অতিবাহিত হয়ে গেলে তারা কোনো না পাওয়ায় ১৯ মার্চ রাতে থানায় মামলা দায়ের করেন ধর্ষণের শিকার তরুণীর বাবা সুশান্ত মন্ডল।
পরে রাতভর বিভিন্ন জায়গা অভিযান চালানোর একপর্যায়ে গভীর রাতে নয়নকে তার নিজ বাড়ি থেকে আটক করে পুলিশ।
