শাল্লার ঘটনায় যুবলীগ জড়িত, হেফাজত নয়: আজিজুল হক ইসলামাবাদী

আপডেট : ২০ মার্চ ২০২১, ১০:৩৬ পিএম

সুনামগঞ্জের শাল্লায় হিন্দুদের বসতভিটায় হামলা ও লুটপাটের ঘটনায় যুবলীগ জড়িত বলে অভিযোগ করেছেন হেফাজতে ইসলামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুল হক ইসলামাবাদী।

তিনি বলেন, ওই ঘটনায় স্থানীয় যুবলীগ সভাপতি মূল হোতা। প্রয়োজনীয় অনুসন্ধান ও ভেরিফিকেশন ছাড়াই সংঘবদ্ধভাবে হেফাজতে ইসলামকে জড়িয়ে অপপ্রচারণা চালানো হচ্ছে দাবি করে তিনি এর প্রতিবাদ জানান।

শনিবার হেফাজতে ইসলামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এসব বলেন।

বিবৃতিতে আজিজুল হক বলেন, হিন্দু সম্প্রদায়ের উপাসনালয় ও বাড়িঘরে যখনই কোনো ধরনের হামলা বা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে, তখনই আমাদের দেশের কতিপয় ইসলামবিদ্বেষী মিডিয়া লক্ষণীয়ভাবে হেফাজতে ইসলাম এবং দেশের ওলামায়ে কেরাম ও মাদ্রাসার ওপর দায় চাপিয়ে বিভ্রান্তিকর সাংবাদিকতার চর্চা করে, যা সাংবাদিকতার মৌলিক নীতিমালার পরিপন্থী। সুনামগঞ্জের শাল্লার ঘটনা নিয়ে কয়েকটি মিডিয়া ঘটনার গভীর অনুসন্ধান ও সংবাদের ভেরিফিকেশন নিশ্চিত না করেই সংঘবদ্ধভাবে হেফাজতে ইসলামের বিরুদ্ধে প্রোপাগান্ডা চালিয়েছে। অথচ পরবর্তীতে ঘটনার ভিন্ন বাস্তবতা প্রকাশ পেয়েছে। এটিকে আমরা ইসলামবিদ্বেষী হলুদ সাংবাদিকতার ‘টেক্সট বুক উদাহরণ’ হিসেবে আখ্যায়িত করছি।  

তিনি বলেন, সাম্প্রতিককালে হেফাজতে ইসলামের যুগ্ম-মহাসচিব মাওলানা মামুনুল হক সম্পর্কেও তারা প্রোপাগান্ডা চালানো শুরু করেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত