বগুড়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল ৪ জনের

আপডেট : ২১ মার্চ ২০২১, ০১:২১ এএম

বগুড়ার শেরপুর উপজেলায় দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে চালক ও সুপারভাইজারসহ চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ১০ জন। গত শুক্রবার গভীর রাতে ঢাকা-বগুড়া মহাসড়কের দশমাইল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, বাসচালক রংপুরের মিঠাপুকুর এলাকার রওশন হাবিব (৩৫), সুপারভাইজার নিলফামারীর ডিমলা এলাকার রেজাউল করিম সাগর (২৩), বাসযাত্রী একই এলাকার মো. মোস্তফা (১৮) ও একই উপজেলার পশ্চিম শাওতা এলাকার বাবলু মিয়া (৫০)।

শেরপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার গাজীউর রহমান জানান, শুক্রবার রাত ২টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা রংপুরগামী নাবিল পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঢাকা-বগুড়া মহাসড়কের দশমাইলে পৌঁছালে ঢাকাগামী সৃষ্টি পরিবহনের অন্য একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সৃষ্টি পরিবহনের বাসচালক ও সুপারভাইজার ঘটনাস্থলেই মারা যান। এ সময় দুটি বাসের অন্তত ১০ যাত্রী আহত হন। পরে তাদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এরপর সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও দু’জনের মৃত্যু হয়।

এ ছাড়া গতকাল শনিবার ভোর ও সকালে একই মহাসড়কের ঘোগা ব্রিজ ও ছোনকা এলাকায় পৃথক সড়ক দুর্ঘটনায় ট্রাকচালক ও হেলপারসহ অন্তত আটজন আহত হয়েছেন। তা ছাড়া একই দিন সকালে দেশের তিন জেলায় সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে ঝিনাইদহে ট্রাক্টরচাপায় এক কৃষক, চুয়াডাঙ্গায় ট্রাক্টরের নিচে চাপা পড়ে এর চালক ও  দিনাজপুরে পিকআপের ধাক্কায় এক পথচারী নিহত হয়েছেন। বিস্তারিত আমাদের প্রতিনিধিদের পাঠানো খবরে :

ঝিনাইদহ : সদর উপজেলায় ট্রাক্টরচাপায় মহিদুল বিশ্বাস (৫৫) নামে এক কৃষক নিহত হয়েছেন। গতকাল উপজেলার আড়মুখী স্কুলপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মহিদুল ওই গ্রামের হুরমত বিশ্বাসের ছেলে। ঝিনাইদহ সদর থানার ওসি মিজানুর রহমান জানান, দুর্ঘটনার সময় বাড়ি থেকে মাঠে যাচ্ছিলেন মহিদুল বিশ্বাস। পথে ঘটনাস্থলে পৌঁছালে মাটিবোঝাই একটি ট্রাক্টর রাস্তায় ওঠার সময় মহিদুলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

চুয়াডাঙ্গা : দামুড়হুদায় মেরামতের সময় নিজ ট্রাক্টরের নিচে চাপা পড়ে হোসেন আলী ওরফে হুসাইন (২৬) নামে এক চালক নিহত হয়েছেন। গতকাল বেলা ১১টার দিকে উপজেলা শহরের বাসস্ট্যান্ড মোড়ের একটি গ্যারেজে এ দুর্ঘটনা ঘটে। এলাকাবাসী জানান, মেরামতের সময় ট্রাক্টরের হাইড্রলিক্স আলী হোসেনের মাথার ওপর পড়ে। এতে গুরুতর আহত হন তিনি। পরে তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। দামুড়হুদা মডেল থানার ওসি আব্দুল খালেক বিষয়টি নিশ্চিত করেন।

দিনাজপুর : পার্বতীপুরে পিকআপের ধাক্কায় চয়ন মোল্লা (৭০) নামে এক পথচারী নিহত হয়েছেন। গতকাল সকাল ৯টার দিকে পার্বতীপুর-ফুলবাড়ী আঞ্চলিক মহাসড়কের হ্যাচারি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, গতকাল সকালে পার্বতীপুর উত্তর-পশ্চিম সম্প্রসারণ প্রকল্প এলাকায় পিকআপ চাপায় গুরুতর আহত হন চয়ন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। পার্বতীপুর রেলওয়ে থানার ওসি মো. আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত