রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের বাথরুম থেকে দগ্ধ অবস্থায় উদ্ধার মিলন (২৭) নামে সেখানকার এক কর্মচারী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গতকাল শনিবার সকালে তার মৃত্যু হয়। এর আগে গত শুক্রবার গভীর রাতে মিলনকে উদ্ধার করেন তার সহকর্মীরা। গত এক বছর ধরে ওই ইনস্টিটিউটের রিসিপশনে কাজ করতেন শারীরিক প্রতিবন্ধী মিলন। তার গ্রামের বাড়ি রাজশাহী জেলায়। তার বাবার নাম ইউসুফ।
মিলনের সহকর্মীরা জানান, শুক্রবার রাত পৌনে ১টার দিকে হুইলচেয়ার নিয়ে ইনস্টিটিউটের নিচতলার একটি বাথরুমে যান মিলন। এরপর সেখানেই দগ্ধ হন তিনি। পরে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। কর্মস্থলে কয়েক মাসের বেতন বকেয়া ছিল মিলনের। এতে ঋণগ্রস্ত ছিলেন তিনি। এর জেরে ওইদিন রাতে মিলন বাথরুমে গিয়ে নিজ শরীরে আগুন লাগিয়ে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
ইনস্টিটিউটের সহকারী পরিচালক ডা. হুসাইন ইমাম ইমু বলেন, ‘মিলন নিজের গায়ে নিজে আগুন দিয়ে আত্মহত্যা করেছে বলে আমরা জানতে পেরেছি।’ এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘বেতন-ভাতার দাবিতে সে নিজের গায়ে আগুন লাগিয়েছে কি-না সে বিষয়ে আমার জানা নেই। আমরা ঘটনাটি শাহবাগ থানা পুলিশকে জানিয়েছি। তারাই ব্যবস্থা নিচ্ছে।’
ডিএমপি রমনা জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার হারুন অর রশীদ দেশ রূপান্তরকে বলেন, ‘ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। মৃতের বোনকে ডাকা হয়েছে। তিনি যদি কোনো অভিযোগ করেন, তাহলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।’
