কক্সবাজারের উখিয়ার রাজাপালং ইউনিয়নের দক্ষিণ হরিনমারা এলাকায় স্বামীর লাঠির আঘাতে স্ত্রী নিহতের ঘটনা ঘটেছে।
রবিবার দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটেছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
নিহতের নাম আনোয়ারা বেগম (৪০)। তিনি উখিয়া রাজাপালং হরিনমারা গ্রামের আলী আহমদের স্ত্রী।
প্রত্যক্ষদর্শীরা জানান, বাড়ি লোকজনের চিৎকার শুনে আমরা ঘটনাস্থলে গিয়ে রক্তাক্ত অবস্থায় আনোয়ারা বেগমকে পড়ে থাকতে দেখি। তবে তারা স্বামী-স্ত্রীর ঝগড়ার মধ্যে একপর্যায়ে লাঠির আঘাতে তার মৃত্যু হয়েছে বলে আমাদের ধারণা।
এলাকাবাসী আনোয়ারা বেগমকে হাসপাতালে নিয়ে গেলে উখিয়া উপজেলা সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার রহমত উল্লাহ তার মৃত্যু নিশ্চিত করেছেন।
এ ব্যাপারে ইউপি সদস্য মো. শাহজাহান বলেন, তুচ্ছ ঘটনার জের ধরে একজন নিহত হয়েছেন।
উখিয়া থানার অফিসার ইনচার্জ আহাম্মদ সনজুর মোরশেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, স্বামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
