সিলেটে যুবককে কুপিয়ে হত্যা

আপডেট : ২১ মার্চ ২০২১, ১০:৪৪ পিএম

সিলেটের বিশ্বনাথ উপজেলায় ইমরান হোসেন সায়মন (৩২) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে।

শনিবার রাতে বিশ্বনাথ পৌর শহরের উপজেলা সড়কে এ ঘটনা ঘটে। নিহত সায়মন উপজেলার জানাইয়া গ্রামের মকছন্দর আলীর ছেলে।

বিশ্বনাথ থানার ওসি শামীম মুসা নিহত সায়মনের পরিবারের বরাত দিয়ে জানান, নিজ বাড়ির পাশে সায়মনের একটি মুদি দোকান রয়েছে। শনিবার রাতে সায়মন তার চাচাতো ভাই লায়েক আহমদ ও ফয়েজ মিয়ার সঙ্গে হেঁটে বাড়ি ফিরছিলেন। পথে হঠাৎ ৩-৪ জন যুবক দেশীয় অস্ত্র নিয়ে সায়মনের ওপর হামলা চালায়। তারা ধারালো অস্ত্র দিয়ে সায়মনের বুকসহ শরীরের বিভিন্ন জায়গায় এলোপাতাড়ি কোপ দেয়। এ সময় লায়েক ও ফয়েজ দৌড়ে প্রাণ রক্ষা করেন। পরে গুরুতর আহত সায়মনকে উদ্ধার করে স্থানীয় একটি ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। তারা হামলাকারীদের চিনতে পেরেছেন বলে পুলিশকে জানিয়েছেন।

ওসি আরও জানান, হত্যার রহস্য উদ্‌ঘাটন ও জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত