পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের হেভিওয়েট আসন নন্দীগ্রামে আনুষ্ঠানিক নির্বাচনের তারিখ ১ এপ্রিল। তার আগেই গত শনিবার থেকে সেখানে ভোটগ্রহণ শুরু হয়েছে বলে জানিয়েছে এনডিটিভি। পোস্টাল ব্যালটে আগাম এ ভোটগ্রহণ চলছে।
মমতা ব্যানার্জির ঘনিষ্ঠ সহচর শুভেন্দু অধিকারী দলত্যাগ করে ভারতীয় জনতা পার্টিতে (বিজেপি) যোগদান করায় তাদের পথ এখন কার্যত বিপরীতমুখী। আর তাই আসন্ন বিধানসভা নির্বাচনে শুভেন্দুকে হারাতে তারই ঘাঁটি বলে পরিচিত নন্দীগ্রামে লড়ছেন পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা।
আসন্ন বিধানসভা নির্বাচনে মমতা-শুভেন্দুর প্রচারণার দ্বৈরথের মধ্যেই হাইভোল্টেজ এ আসনে শুরু হয়েছে পোস্টাল ব্যালটে ভোটগ্রহণ। নতুন এ প্রক্রিয়ার মাধ্যমে প্রবীণ ভোটারদের বাড়িতে বসেই ভোটাধিকার প্রয়োগের সুযোগ দেওয়া হচ্ছে।
একদিকে যখন তৃণমূল কংগ্রেস ও বিজেপির মধ্যে নির্বাচনী প্রচারণা নিয়ে হাড্ডাহাড্ডি লড়াই চলছে, অন্যদিকে তখন শনিবারই পছন্দমতো প্রার্থী বাছাই করে ফেলেছেন ওই আসনের বয়স্ক ভোটাররা।
নন্দীগ্রামসহ পূর্ব মেদিনীপুরের বেশকিছু আসনে শনিবার থেকেই নতুন এ পদ্ধতিতে ভোটগ্রহণ শুরু হয়েছে। এসব আসনের ভোটগ্রহণ হবে আগামী ১ এপ্রিল। বয়সের কারণে এর আগে অনেক সময়ই ভোটদান করতে সক্ষম হননি অনেকে।
