সিআইডি কর্মকর্তার ওপর হামলার অভিযোগ, অস্ত্র লুট

আপডেট : ২২ মার্চ ২০২১, ০২:৪৮ এএম

রাজধানীর মোহাম্মদপুরে ‘জমিসংক্রান্ত বিরোধের’ জের ধরে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) এক কর্মকর্তার ওপর হামলা চালিয়ে তার কাছে থাকা অস্ত্র ও মোটরসাইকেল ছিনিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। গতকাল রবিবার দুপুর দেড়টার দিকে বছিলা এলাকায় এ ঘটনা ঘটে। হামলার শিকার ওই পুলিশ কর্মকর্তার নাম গাজী মিজানুর রহমান (৫০)। তিনি নারায়ণগঞ্জ জেলা সিআইডি কার্যালয়ে পরিদর্শক হিসেবে কর্মরত রয়েছেন। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

হামলার শিকার মিজানুর রহমান বলেন, ‘বর্তমানে আমি ছুটিতে আছি। ওই জমিটা আমার প্রতিবন্ধী সন্তানের নামে। এখানে সীমানা নিয়ে জটিলতা রয়েছে। বিষয়টি আমি মোহাম্মদপুর থানার ওসিকে জানিয়েছিলাম। গতকাল দুপুর দেড়টার দিকে আমার প্লটের কাছে গেলে হঠাৎ সিএনজিচালিত অটোরিকশাযোগে এসে কয়েকজন আমাকে এলোপাতাড়ি কুপিয়ে ও হাতুড়ি দিয়ে পিটিয়ে মারাত্মক আহত করে। তারা আমার সঙ্গে থাকা সরকারি অস্ত্র ও মোটরসাইকেল ছিনিয়ে নেয়।’

মোহাম্মদপুর থানার ওসি আব্দুল লতিফ বলেন, ‘অস্ত্র খোয়া যাওয়া ও হামলার খবর আমরা শুনেছি। অস্ত্রটি এখনো উদ্ধার হয়নি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা ও অস্ত্র উদ্ধারের বিষয়টি প্রক্রিয়াধীন।’

তেজগাঁও বিভাগ মোহাম্মদপুর এলাকার অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) মৃত্যুঞ্জয় দে সজল বলেন, ‘আমরা ঘটনাটি জানি। বিষয়টির তদন্ত চলছে। তবে তার সরকারি অস্ত্র খোয়া গেছে কি না সে বিষয়ে আমরা এখনো নিশ্চিত নই।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত