ভাঙন, দহন, উপশম নিয়ে মুয়ীয মাহফুজের ‘নকশিকাঁথার নায়কেরা’

আপডেট : ২২ মার্চ ২০২১, ০৬:৩৮ পিএম

বাংলা একাডেমি আয়োজিত অমর একুশের বইমেলায় প্রকাশিত হয়েছে কবি, গিটারিস্ট, গায়ক মুয়ীয মাহফুজের দ্বিতীয় কবিতার বই ‘নকশিকাঁথার নায়কেরা’।

বৈভব প্রকাশনী থেকে প্রকাশিত বইটির প্রচ্ছদ করেছেন সারা অরণি। ৮০ পৃষ্ঠার বইটির মূল্য ২৫০ টাকা, পাওয়া যাচ্ছে ৩৫৭ নম্বর স্টলে। এ ছাড়া, ০১৭১২০৯৩৬৭৭ নম্বর বিকাশ করে বইটি ঘরে বসে সংগ্রহ করা যাবে।

নকশিকাঁথার নায়কেরা বইয়ের কবিতাগুলো বেশির ভাগই ২০০৯ থেকে ২০২০ সালের ভেতর লেখা বলে জানান মুয়ীয।

নতুন বই বিষয়ে তিনি দেশ রূপান্তরকে বলেন, দীর্ঘ এক যুগ পরে পাঠকদের নতুন কিছু কবিতা উপহার দিতে পেরে ভালো লাগছে। নানান সময়ে উদ্যোগ নিয়েও দ্বিতীয় বই আলোর মুখ দেখেনি। এই বইমেলায় অবশেষে তা সম্ভব হলো। ধন্যবাদ জানাই বৈভব প্রকাশনী এবং এর সঙ্গে যুক্ত সকলকে।

মুয়ীয আরও বলেন, ২০০৯ থেকে এ সময় পর্যন্ত সময়ে ব্যক্তিক ও সামষ্টিক ‘আমি’র দ্রোহ, একাকীত্ব, ভাঙন, দহন ও উপশমের নানান অনুভূতিকে ধারণ করে আমার এই কবিতাগুলো। পাঠকের ভাল লাগলেই আমি সার্থক।

নকশিকাঁথার নায়কেরা বইয়ের প্রচ্ছদশিল্পী সারা অরণি বলেন, প্রিয় কবির নতুন বইয়ের প্রচ্ছদ করতে গিয়ে আগে পাণ্ডুলিপিটি পড়েছি। পাণ্ডুলিপির 'নকশিকাঁথার নায়কেরা' কবিতাটি পড়ে প্রথমেই মাথায় আসে আমাদের দেশের লোকজ সংস্কৃতির সাথে মিশে থাকা রংবেরঙের চরিত্রগুলোর কথা। আমি প্রচ্ছদটি করার সময়ে আমাদের লোকজ চরিত্রগুলোকেই ফুটিয়ে তুলতে চেষ্টা করেছি। প্রিয় কবির বইয়ের জন্য প্রচ্ছদ করতে পেরে আমি খুবই আনন্দিত।

কবি ও চিত্রগ্রাহক নিষুপ্ত সাগর মুয়ীয মাহফুজের কবিতা প্রসঙ্গে বলেন, মুয়ীয মাহফুজ নিজেই এক সুপাঠ্য কবিতা! কবি নিজেই যখন কবিতা হয়ে ওঠেন, তখন তাকে ভ্রমণ করা যায়– যেভাবে মানুষ ভ্রমণ করেন তার প্রিয় অভিজ্ঞতা। মুয়ীযকে ভ্রমণ করা যায়। এই শহরের কোনো সড়কে প্রেম ও মড়কের পাশাপাশি হেঁটে এসে মুয়ীয আমাদের মনে করিয়ে দেন যে– ‘জীবনটাই মুখ্য; জীবনবোধ নয়’!

এর আগে, বক্ররেখা ব্যান্ডের কণ্ঠশিল্পী, লিড গিটারিস্ট এবং গীতিকার মুয়ীয মাহফুজের প্রথম কবিতার বই ‘হুইসেল বাজছে চোর পালাচ্ছে’ প্রকাশিত হয় ২০০৮ সালে, সুমন প্রবাহন স্মরণ প্রয়াস থেকে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত