চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) প্যানেল মেয়র নির্বাচিত হয়েছেন কাউন্সিলর আবদুস সবুর লিটন, গিয়াস উদ্দিন ও আফরোজা জহুর।
সোমবার নগরীর আন্দরকিল্লায় চসিকের কেবি আবদুচ ছত্তার মিলনায়তনে প্যানেল মেয়র নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনের ফলাফল ঘোষণা করেন নবনির্বাচিত সিটি মেয়র এম রেজাউল করিম চৌধুরী।
স্থানীয় সরকার আইন-২০০৯ এর ২০ ধারা অনুযায়ী চসিকের বর্তমান পর্ষদের দ্বিতীয় সাধারণ সভার আগে এই প্যানেল মেয়র নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে সাধারণ কাউন্সিলরদের মধ্যে ৬ জন ও সংরক্ষিত ওয়ার্ডের ৫ জন মহিলা কাউন্সিলর প্রতিদ্বন্দ্বিতা করেন।
প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে সর্বোচ্চ ভোট পেয়ে নির্বাচিত তিন প্যানেল মেয়র হলেন- ২৫নং রামপুর ওয়ার্ড কাউন্সিলর আবদুস সবুর লিটন (প্রাপ্ত ভোট ২৯), ১৫নং বাগমনিরাম ওয়ার্ড কাউন্সিলর মো. গিয়াস উদ্দিন (প্রাপ্ত ভোট ২৭) এবং সংরক্ষিত ২৭, ৩৭ ও ৩৮ ওয়ার্ডের আফরোজা কালাম (প্রাপ্ত ভোট ২৬)।
প্যানেল মেয়র নির্বাচন শেষে চসিকের সিটি মেয়র এম রেজাউল করিম চৌধুরী ফলাফল ঘোষণা করার পর ৬ষ্ঠ নির্বাচিত পরিষদের দ্বিতীয় সাধারণ সভা অনুষ্ঠিত হয়। চসিকের ভারপ্রাপ্ত সচিব ও প্রধান রাজস্ব কর্মকর্তা নজরুল ইসলামের সঞ্চালনায় নির্বাচনে সহযোগিতা করেন মেয়রের একান্ত সচিব মুহাম্মদ আবুল হাশেম। সভায় কাউন্সিলর ও বিভাগীয় কর্মকর্তারা বক্তব্য রাখেন।
