কিশোরগঞ্জের ভৈরবে মায়ের জন্য পিঠা আনতে গিয়ে এক প্রতিবন্ধী কিশোরী ধর্ষণের শিকার হওয়ার অভিযোগ পাওয়া গেছে। সোমবার রাতে ভৈরববাজার ঋষিপট্টি এলাকায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় প্রতিবন্ধী কিশোরীর ক্ষুব্ধ মামাতো ভাই সাকিব (১৮) অভিযুক্ত হাসান আলীকে (৩০) ছুরিকাঘাত করেন।
খবর পেয়ে পুলিশ হাসান আলীকে আহত অবস্থায় আটক করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। তাকে ছুরিকাঘাতের অপরাধে আটক করা হয়েছে সাকিবকে।
কিশোরীর ডাক্তারি পরীক্ষার জন্য মঙ্গলবার কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় কিশোরীর মা বাদী হয়ে হাসান আলীর বিরুদ্ধে ভৈরব থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেছেন।
অপরদিকে হাসান আলীকে ছুরিকাঘাত করার অপরাধে কিশোরীর মামাতো ভাই সাকিবের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করেছে।
স্থানীয় লোকজন জানায়, ভৈরববাজারের প্রতিবন্ধী ওই কিশোরী রাতে পিঠা আনতে গেলে একই এলাকার মৃত শাহজাহান আলীর ছেলে হাসান আলী তাকে কৌশলে একটি করাতকলের পাশে নির্জন স্থানে নিয়ে যায়। পরে সেখানে নিয়ে তাকে ধর্ষণ করেন। ঘটনাটি স্থানীয়দের নজরে আসলে হাছান আলীকে আটক করে পুলিশে খবর দেয়।
পুলিশ আসার আগেই খবর পেয়ে কিশোরীর মামাতো ভাই সাকিব হাছান আলীকে ছুরিকাঘাত করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ভৈরব থানার উপ-পরিদর্শক মো. রফিকুল ইসলাম জানান, কিশোরীর ডাক্তারি পরীক্ষার জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
