এবার টুথ পাউডারের কৌটায় ইয়াবা, সৌদিগামী যাত্রী আটক

আপডেট : ২৩ মার্চ ২০২১, ১১:৩৭ পিএম

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একদিনের ব্যবধানে আবারও সৌদি আরবগামী যাত্রীর কাছ থেকে ১৪১৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যায় বিমানবন্দর অ্যাভিয়েশন সিকিউরিটির (এভসেক) সদস্যরা ওই যাত্রীর ব্যাগ তল্লাশি করে ইয়াবা শনাক্ত করে। বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এএইচএম তৌহিদ-উল আহসান এ তথ্য নিশ্চিত করেছেন।

তৌহিদ-উল আহসান জানান, সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইনসের ফ্লাইটে যাওয়ার জন্য বিমানবন্দরে আসে তৌহিদ আলম নামে এক যাত্রী। লাগেজ তল্লাশির সময় এভসেক সদস্যরা তার ব্যাগে টুথ পাউডারের কৌটায় ইয়াবা শনাক্ত করেন। ইয়াবাসহ তাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হয়।

এর আগে, গতকাল সোমবার তেঁতুলের আচারের বয়ামে ১০ হাজার পিস ইয়াবা নিয়ে সৌদি আরবে যাওয়ার সময় রাকিব হোসেন নামে এক যাত্রীকে আটক করেছিল বিমানবন্দর আর্মড পুলিশ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত