ইয়েমেন যুদ্ধ বন্ধে সৌদির শান্তি পরিকল্পনা

আপডেট : ২৩ মার্চ ২০২১, ১১:৫৬ পিএম

ইয়েমেনে ছয় বছরেরও বেশি সময় ধরে চলা যুদ্ধের বিপরীতে নতুন একটি শান্তি চুক্তির প্রস্তাব দিয়েছে সৌদি আরব। জাতিসংঘের তত্ত্বাবধানে সৌদি সমর্থিত ইয়েমেন সরকার এবং ইরান সমর্থিত হুথি বিদ্রোহীদের মধ্যে যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে সৌদি আরব।

এই পরিকল্পনার মধ্যে রয়েছে গুরুত্বপূর্ণ আকাশ ও সামুদ্রিক যোগাযোগ এবং রাজনৈতিক সমঝোতার মতো বিষয়গুলোও। তবে হুথিদের দাবি, সৌদির এই প্রস্তাবনায় আকাশ এবং সমুদ্রপথে নিষেধাজ্ঞা উঠে যাওয়ার বিষয়ে নতুন কোনো আভাস নেই।

সম্প্রতি রিয়াদ এই প্রস্তাবনা দেয়। এর ঘোষণা দেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান। এটি মেনে নেওয়ার জন্য হুথিদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। উল্লেখ্য, ইয়েমেনের একটি বড় অংশের নিয়ন্ত্রণ হুথিদের হাতে। প্রিন্স ফয়সাল মনে করেন যত দ্রুত হুথিরা এই প্রস্তাবনা মেনে নেবে তত দ্রুতই যুদ্ধবিরতির প্রক্রিয়া শুরু হবে।

এদিকে ইয়েমেনের ক্ষমতাসীন সরকার সৌদি আরবের এই প্রস্তাবে সায় দিলেও হুথিদের মতে এতে ‘নতুন কিছুই নেই’ এবং রাজধানী সানা ও হুদায়দাহ বন্দর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ব্যাপারে সেখানে কোনো আভাস দেওয়া হয়নি।

হুথির প্রধান অ্যাপস আলোচক মোহাম্মেদ আবদুলসালাম রয়টার্সকে বলেন, ‘আমরা আশা করেছিলাম বন্দর ও বিমানবন্দরগুলো থেকে নিষেধাজ্ঞা উঠে যাবে এবং জোট (সৌদি নেতৃত্বাধীন) কর্র্তৃক আটক ১৪টি জাহাজের ব্যাপারেও পদক্ষেপ নেওয়া হবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত