চট্টগ্রামের পটিয়া উপজেলায় ঘোষণার ১০ দিনের মাথায় বড়লিয়া ইউনিয়ন আওয়ামী লীগের কমিটি বাতিল করা হয়েছে। গত ২১ মার্চ চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান স্বাক্ষরিত এক চিঠিতে পূর্বের কমিটি বহাল রেখে নতুনটি বাতিল করা হয়। এর আগে গত ১১ মার্চ ২১ সদস্যবিশিষ্ট বড়লিয়া ইউনিয়ন আওয়ামী লীগের ওই কমিটি গঠন করেন পটিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আ ক ম শামসুজ্জামান চৌধুরী ও সাধারণ সম্পাদক অধ্যাপক হারুনুর রশীদ। জেলা কমিটির নেতাকর্মীদের দাবি, বড়লিয়া ইউনিয়ন আওয়ামী লীগের কমিটি গঠনে কেন্দ্রীয় নির্দেশনা অমান্য ও দলীয় শৃঙ্খলা ভঙ্গ করায় সেটি বাতিল করা হয়েছে।
চট্টগ্রাম দক্ষিণ জেলা কমিটি সূত্রে জানা যায়, গত ১৮ ফেব্রুয়ারি আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক নির্দেশনায় জেলা, উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড ও ইউনিট কমিটি কেন্দ্রের অনুমতিবিহীন বিলুপ্ত না করার নির্দেশনা প্রদান করেন। কোনো কারণে কমিটি ভাঙার প্রয়োজন হলে কেন্দ্রের নির্দেশনা মোতাবেক সম্মেলনের মাধ্যমে কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়। কিন্তু কেন্দ্রীয় নির্দেশনা অমান্য করে পটিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আ ক ম শামসুজ্জামান চৌধুরী ও সাধারণ সম্পাদক অধ্যাপক হারুনুর রশীদ গত ১১ মার্চ উজ্জ্বল চৌধুরী চন্দনকে সভাপতি ও ইউনুচ তালুকদারকে সাধারণ সম্পাদক করে ২১ জনের বড়লিয়া ইউনিয়ন আওয়ামী লীগের অ্যাডহক কমিটি অনুমোদন দেন।
পটিয়া উপজেলা আওয়ামী লীগের সাাধারণ সম্পাদক অধ্যাপক হারুনুর রশীদ বলেন, ‘এলাকাটি যেহেতু উপজেলা সভাপতির নিজের, তাই কমিটি এবং দক্ষিণ জেলা কী সিদ্ধান্ত দিয়েছে উনিই তা ভালো বলতে পারবেন।’ এ বিষয়ে জানতে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আ ক ম শামসুজ্জামান চৌধুরীর মোবাইল ফোনে একাধিকবার কল করা হলে রিসিভ করে কথা না বলে সংযোগ কেটে দেন তিনি।
এ ব্যাপারে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দেশ রূপান্তরকে বলেন, ‘কেন্দ্রীয় নির্দেশনা অমান্য করে বহিরাগত হাইব্রিড নেতাদের সমন্বয়ে জেলা কমিটির কাউকে না জানিয়ে ওই কমিটি গঠন করায় তা বাতিল করা হয়েছে। ভবিষ্যতে সম্মেলনের মাধ্যমে কমিটি ঘোষণার নির্দেশনা দেওয়া হয়েছে।’
