যুক্তরাষ্ট্রে সুপার মার্কেটে গুলিতে নিহত ১০

আপডেট : ২৪ মার্চ ২০২১, ০১:৪০ এএম

যুক্তরাষ্ট্রের একটি সুপার মার্কেটে গত সোমবার এক বন্দুকধারীর হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে এএফপি। সোমবার বিকেলে কলোরাডো অঙ্গরাজ্যের বৌলডার শহরের ওই মার্কেটটিতে এ হামলা চালানো হয়। এতে এক পুলিশ কর্মকর্তাসহ অন্তত ১০ জন নিহত হয়েছেন।

ঘটনাস্থল থেকে সন্দেহভাজন হামলাকারীকে গ্রেপ্তারে সমর্থ হয়েছে পুলিশ। এ ছাড়া ঘটনাস্থলে নিরাপত্তা বাহিনীর বিপুলসংখ্যক সদস্য মোতায়েন করা হয়েছে। পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, এআর-১৫ স্টাইলের রাইফেল ব্যবহার করে কিং সোপার্স সুপার মার্কেট নামের ওই মার্কেটটিতে হামলা চালানো হয়েছে।

একজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, আকস্মিকভাবে মার্কেটে ঢুকেই রাইফেল দিয়ে এলোপাতাড়ি গুলি করতে শুরু করে সন্দেহভাজন হামলাকারী।

গ্রেপ্তারের সময় খালি গায়ে থাকা সন্দেহভাজন হামলাকারীর হাতে-পায়ে রক্তের দাগ ছিল। বৌলডার শহরের পুলিশ কমান্ডার কেরি ইয়ামাগুচি এক সংবাদ সম্মেলনে বলেন, সন্দেহভাজনকে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ঘটনায় জনসাধারণের জন্য আর কোনো ভয় বা হুমকির কারণ নেই।

বৌলডার কাউন্টির ডিস্ট্রিক্ট অ্যাটর্নি মাইকেল ডঘের্টি বলেন, এটি একটি বেদনাদায়ক ঘটনা। পরিস্থিতি সামাল দিতে আমরা স্থানীয়, রাজ্য ও কেন্দ্রীয় কর্র্তৃপক্ষের সহায়তা পেয়েছি।

এখনো পর্যন্ত হামলার কারণ জানা যায়নি। তবে এরই মধ্যে বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত