ব্রিফিংয়ে কাদের

মোদির সফরে পশ্চিমবঙ্গ নির্বাচনের যোগসূত্র নেই

আপডেট : ২৪ মার্চ ২০২১, ০১:৫৬ এএম

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠানে যোগ দিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের সঙ্গে আসন্ন পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের কোনো যোগসূত্র নেই বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। গতকাল মঙ্গলবার জাতীয় সংসদ এলাকার বাসভবন থেকে নিয়মিত ভার্চুয়াল ব্রিফিংয়ে এসব কথা বলেন ওবায়দুল কাদের।

ওবায়দুল কাদের বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফর পশ্চিমবঙ্গের নির্বাচন বা অন্য কোনো বিষয়ের সঙ্গে যোগসূত্র নেই, তিনি আমাদের আমন্ত্রিত অতিথি। আমাদের দুঃসময়ের পরীক্ষিত মিত্র ভারতের প্রধানমন্ত্রী।

দেশের বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে নরেন্দ্র মোদির বাংলাদেশে আমন্ত্রণ বাতিলের দাবির বিষয়ে তিনি বলেন, একাত্তরের মুক্তিযুদ্ধে প্রধান মিত্র দেশ ছিল ভারত, তাই আমরা বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে  ভারতের সরকারপ্রধানকে আমন্ত্রণ জানিয়েছি, ব্যক্তিবিশেষকে নয়। তাই মোদির সফরকে কেন্দ্র করে অস্থিরতা তৈরিতে উসকানি দেবেন না। এটাই আমরা আশা করি। উসকানি না দিতে সবার প্রতি আহ্বান জানান তিনি।

সরকারকে পরাজিত করতে বিএনপি সংগঠিত হতে শুরু করেছে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্যের বিষয়ে ওবায়দুল কাদের বলেন, রাজনৈতিকভাবে সংগঠিত হলে ভালো কিন্তু দেশে শান্তিপূর্ণ আন্দোলনের পরিবর্তে অস্থিরতা তৈরি করার জন্য সহিংসতার উপাদান যদি যুক্ত করা হয় তাহলে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ জনগণকে সঙ্গে নিয়ে যে কোনো ধরনের অপচেষ্টা মোকাবিলা করবে। আওয়ামী লীগ বর্তমানে অনেক বেশি ঐক্যবদ্ধ, অধিকতর শক্তিশালী এবং সুসংগঠিত একটি দল।

বিএনপি প্রথম প্রশাসনে রাজনীতিকরণ শুরু করে আর শেখ হাসিনা সরকার প্রশাসনকে রাজনীতিমুক্ত করে এবং মেধার সন্নিবেশ ঘটায় উল্লেখ করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, বর্তমান প্রশাসন অনেক দক্ষ ও যোগ্যতাসম্পন্ন। জনপ্রশাসন এখন সেবামুখী। এখানে দলীয়করণের পরিবর্তে মেধাকে গুরুত্ব দেওয়া হয়। রূপকল্প ২০২১, এসডিজি, রূপকল্প ২০৪১,  ২১০০ তথা ডেল্টাপ্ল্যানসহ দীর্ঘমেয়াদি ভিশন বাস্তবায়নের জন্য সফলতার সঙ্গে কাজ করে যাচ্ছে বর্তমান প্রশাসন। তাই প্রশাসন নয়, বিএনপিই আগাগোড়া ব্যর্থ।

করোনায় আক্রান্ত এবং প্রাণহানির সংখ্যা নতুন করে বাড়তে শুরু করেছে, তাই  প্রতিরোধমূলক ব্যবস্থা জোরদারের কোনো বিকল্প নেই জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, লোকসমাগম, মার্কেট, স্টেশন, ফেরি ইত্যাদি এলাকায় অনেকেই মাস্ক পরিধান করছে না, যে জীবনযাপনের জন্য আমারা এত ব্যস্ত, মাস্ক পরিধান না করার মতো অবহেলা আমাদের প্রিয় জীবন থেকে ছিটকে দিতে পারে। এই কথা আমরা বেমালুম ভুলে যাই। নিজের এবং পরিবার-পরিজন, সন্তানদের কথা ভেবে হলেও শতভাগ মাস্ক পরিধান নিশ্চিত করার আহ্বান জানান তিনি।

পাশাপাশি বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করতে সচেতনতা তৈরিমূলক প্রচার অভিযান চালানোর অনুরোধ করেন ওবায়দুল কাদের।

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে এখন থেকে আগামী ডিসেম্বর মাস পর্যন্ত প্রতি শুক্রবার মসজিদ, মন্দির ও প্যাগোডায় দোয়া ও প্রার্থনা করার জন্য দলীয় সভাপতির নির্দেশে আওয়ামী লীগের জেলা, উপজেলা, থানা, ইউনিয়ন ও ওয়ার্ডসহ সব শাখা এবং সহযোগী সংগঠনগুলোকে জাতীয় কর্মসূচির সঙ্গে সংগতি রেখে কর্মসূচি পালনের আহ্বান জানান ওবায়দুল কাদের।

 ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের কর্মসূচি ঘোষণা করেন। ২৫ মার্চ সকাল ১১টায় ২৩ বঙ্গবন্ধু এভিনিউয়ে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ আলোচনা সভার আয়োজন করবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত