তেলাপিয়ার খাবারে মাছশূন্য পশ্চিম আফ্রিকা

আপডেট : ২৪ মার্চ ২০২১, ১১:০২ পিএম

গুঞ্জুর গাম্বিয়ার দক্ষিণাঞ্চলীয় উপকূলীয় একটি ছোট শহর। মাত্র পনেরো হাজার বাসিন্দার গুঞ্জুরকে আফ্রিকা মহাদেশের সবচেয়ে ছোট শহর বলা হয়। এর বাসিন্দাদের অধিকাংশই মৎস্যজীবী। সাগর থেকে মাছ ধরে তা বিক্রি করে চলে তাদের সংসার। ২০০৮ সালে গুঞ্জুরের স্থানীয়রা মিলে বোলং ফেনিও নামের ৭৯০ একর এলাকার একটি বিচকে ওয়াইল্ড লাইফ রিজার্ভ হিসেবে ঘোষণা করে। কারণ স্থানীয়রা চেয়েছিল তাদের প্রাকৃতিক প্রাণবৈচিত্র্য রক্ষা করতে।

কিন্তু ২০১৭ সালের ২২ মে সকালে গুঞ্জুরের বাসিন্দারা খেয়াল করেন বোলং লেকের পানি রাতারাতি ঘোলাটে হয়ে গেছে এবং বহু মাছ মরে গেছে। শুধু মাছই নয়, পানিতে থাকা অন্য প্রাণীও মারা যায়। আহমেদ মানজাং নামের এক বাসিন্দা নিজের উদ্যোগে ওই লেকের পানির কিছুটা একটি বোতলে করে পরীক্ষার জন্য জার্মানির একটি ল্যাবরেটরিতে পাঠান। পরীক্ষার ফলে ওই পানিতে আর্সেনিক, ফসফেট ও নাইট্রেট পাওয়া যায় যা সহনীয় মাত্রার চেয়ে ৪০ গুণ বেশি।

চীনের একটি মাছ প্রক্রিয়াকরণ প্ল্যান্ট ‘গোল্ডেন লিড’। ওই প্ল্যান্ট থেকে ফেলা বর্জ্যরে কারণেই লেকের পানি নষ্ট হয়ে যায়। অভিযোগের ভিত্তিতে গাম্বিয়ার কর্র্তৃপক্ষ ওই প্রতিষ্ঠানটিকে ২৫ হাজার ডলার জরিমানা করে। চীনের বেল্ট অ্যান্ড রোড প্রকল্পের অধীনে চলে গোল্ডেন লিড। অর্থাৎ এই প্ল্যান্টের সঙ্গে চীন সরকারের সরাসরি সম্পর্ক রয়েছে। উন্নয়নের কথা বলে চীন বিশেষ করে আফ্রিকার দেশগুলোতে বিশাল নেটওয়ার্ক তৈরি করেছে। গোল্ডেন লিড ও অন্য ফ্যাক্টরিগুলো বৈশ্বিক মাছের খাবারের চাহিদা মেটাতে পশ্চিম আফ্রিকাকে ব্যবহার করছে। যুক্তরাষ্ট্র, ইউরোপ, এশিয়ার বাজারে মাছের খাবার হিসেবে পশ্চিম আফ্রিকার মাছ ব্যবহার করা হয়। মৌরিতানিয়া, সেনেগাল, গিনি বিসাউ এবং গাম্বিয়া থেকে প্রচুর মাছ রপ্তানি করে চীনের ফিশ প্ল্যান্টগুলো। শুধু গাম্বিয়াই বছরে সাড়ে সাত হাজার টন মাছ রপ্তানি করে। এই মাছের মধ্যে সবচেয়ে বেশি যায় বঙ্গা নামের এক জাতের মাছ, যার সাইজ প্রায় ১০ ইঞ্চির কাছাকাছি। এই মাছগুলো প্রক্রিয়াকরণ করে গুঁড়ো করা হয়। সেই গুঁড়ো চীনে তেলাপিয়া মাছের খাবার হিসেবে ব্যবহার হয়। আবার সেই তেলাপিয়া মাছই চীন পশ্চিম আফ্রিকার দেশগুলোর কাছে বিক্রি করছে চড়া দামে। গোল্ডেন লিডের মতো প্রতিষ্ঠানগুলো স্থানীয় পর্যায়ে বিভিন্ন স্কুলে ডোনেশন, সামাজিক কর্মকাণ্ডে অর্থ সহায়তা দিয়ে পশ্চিম আফ্রিকার সামাজিক প্রেক্ষাপটকে নিয়ন্ত্রণ করছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত