পৌরসভা নির্বাচনের ষষ্ঠ ও সর্বশেষ দফায় অনুষ্ঠিত পঞ্চগড়ের দেবীগঞ্জ পৌরসভা নির্বাচনের মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে দুই পুরুষ কাউন্সিলর প্রার্থী ছাড়া আর কোনো প্রার্থীই মনোনয়ন প্রত্যাহার করেননি। এতে দেবীগঞ্জ পৌরসভায় মেয়র পদে ৯, কাউন্সিলর পদে ৬৩ ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আজ বৃহস্পতিবার প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হবে।
পৌরসভার নয়টি কেন্দ্রের প্রত্যেকটিতেই ইভিএমের মাধ্যমে আগামী ১১ এপ্রিল ভোটগ্রহণ করা হবে। পৌরসভা নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা এরশাদুল হক মিঞা গতকাল বুধবার বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন।
দেবীগঞ্জ পৌরসভায় আওয়ামী লীগের মেয়র প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি গিয়াস উদ্দিন চৌধুরীর বিপরীতে দলের একাধিক বিদ্রোহী প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আওয়ামী লীগ থেকে যারা মনোনয়নপত্র জমা দিয়েছিলেন তারা হলেন দলের মনোনীত ও দেবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি গিয়াস উদ্দিন চৌধুরী, বিদ্রোহী হিসেবে উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি নুর নেওয়াজ, যুগ্ম সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক, যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আখতার হোসেন নিউটন।
এদিকে পৌরসভাসহ আগামীতে সব ধরনের নির্বাচনে বিএনপি অংশ না নেওয়ার ঘোষণা দিলেও দলের দুই নেতা স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন। তারা হলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এফএসএম মোফাখখারুল আলম বাবু (বিএনপি বাবু) ও পৌর যুবদলের আহ্বায়ক সরকার ফরিদুল ইসলাম। এছাড়াও স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন দৈনিক যুগান্তরের সহ-সম্পাদক জাকারিয়া ইবনে ইউসুফ ও মাসুদ পারভেজ। এছাড়া কাউন্সিলর পদে ৬৩ ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১৮ জন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
দেবীগঞ্জ সদর ইউনিয়ন ও দেবীডুবা ইউনিয়নের কিছু অংশ নিয়ে ২০১৪ সালে গঠিত হয় দেবীগঞ্জ পৌরসভা। সীমানা জটিলতায় দীর্ঘদিন নির্বাচন ঝুলে থাকায় পৌর প্রশাসক দিয়ে চলছিল পৌরসভার কার্যক্রম। প্রথমবারের মতো এ পৌরসভায় নির্বাচন হচ্ছে। পৌরসভায় মোট ভোটার ১০ হাজার ৯১৪ জন।
