ওবায়দুল কাদেরের নৈতিকতা নিয়ে প্রশ্ন কাদের মির্জার

আপডেট : ২৫ মার্চ ২০২১, ০১:০২ এএম

নিজ দলের স্থানীয় নেতা ও সংসদ সদস্যদের বিরুদ্ধে বক্তব্য দিয়ে দেশজুড়ে আলোচনায় আসা নোয়াখালীর বসুরহাট পৌরসভার মেয়র আওয়ামী লীগ নেতা আবদুল কাদের মির্জা এবার তার বড় ভাই সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের নীতি-নৈতিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন। গতকাল বুধবার দুপুর ১২টার দিকে ফেইসবুক লাইভে এসে তিনি বড় ভাই আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও তার স্ত্রীর বিরুদ্ধে বিভিন্ন কথা বলেন।

কাদের মির্জা প্রায় ৩০ মিনিট ফেইসবুক লাইভে বক্তব্য দেন। অবশ্য কিছুক্ষণ পরই ফেইসবুক থেকে ওই ভিডিওটি সরিয়ে দেওয়া হয়। তবে তার আগেই অনেকে তা সংগ্রহ করে রাখেন।

এদিকে নোয়াখালীর কোম্পানীগঞ্জে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও স্বাধীনতা দিবস উপলক্ষে স্থানীয় আওয়ামী লীগের বিবদমান দুপক্ষের আহ্বান করা পাল্টাপাল্টি কর্মসূচি স্থগিত করে দিয়েছে পুলিশ।

গতকাল ফেইসবুক লাইভে আবদুল কাদের মির্জা অভিযোগ করে বলেন, ‘ওবায়দুল কাদের সাহেবের নীতি-নৈতিকতা ছিল। আজকে তার স্ত্রীর (ইশরাতুন্নেসা কাদের) কিছু কথার কারণে তিনি নিজের বিবেকের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছেন। আজকে দেখেন, ওবায়দুল কাদের সাহেব এখানে (কোম্পানীগঞ্জে) একটা জিনিস প্রতিষ্ঠিত করতে চান, জাসদ দিয়ে পরিচালনা করবে আওয়ামী লীগ। আমি না থাকলে জাসদ দিয়ে চালাবেন। জাসদের খিজির হায়াত (বর্তমান উপজেলা আওয়ামী লীগের সভাপতি) ৭১ সালে যুদ্ধের সময় ওবায়দুল কাদের সাহেবকে হত্যার ষড়যন্ত্র করেছিলেন। আর এখন তাদের ষড়যন্ত্রের চোরাবালিতে পা দিয়েছেন ওবায়দুল কাদের।’

তিনি আরও বলেন, ‘মামুদুর রহমান বেলায়েত সাহেব আমাদের নেতা, নোয়াখালীর সবচেয়ে ত্যাগী নেতা। তিনি নীতি-নৈতিকতা নিয়ে রাজনীতি করেন। ওবায়দুল কাদের সাহেব তাকে পছন্দ করেন না। খিজির হায়াত যখন কাদের সাহেবকে হত্যার চেষ্টা করেছিলেন, তখন বেলায়েত সাহেব তাকে নিজের আশ্রয়ে রেখেছেন স্নেহ-মমতা দিয়ে। সেই বেলায়েত ভাইকে আজকে তিনি পছন্দ করেন না। কাদের সাহেবকে রাজনীতিতেও এনেছেন বেলায়েত সাহেব। আজকে তিনি তাকে চেনেন না, পছন্দ করেন না।’

কাদের মির্জা আক্ষেপ প্রকাশ করে বলেন, ‘আমরা নাকি ভাই, রক্ত। রক্ত আমরা নই। উনার (ওবায়দুল কাদের) রক্ত হচ্ছেন স্বপন মিয়াজী (ফেনী পৌরসভার মেয়র নজরুল ইসলাম), নিজাম হাজারী (সাংসদ নিজাম উদ্দিন হাজারী), একরাম চৌধুরী (সাংসদ একরামুল করিম চৌধুরী), বাদল (উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান) আর রাহাত (ভাগ্নে ফখরুল ইসলাম)। যারা অপকর্মের হোতা, রক্ত তার তারা।’

বিএনপির প্রয়াত নেতা মওদুদ আহমদের শোকসভা করতে না দেওয়ায় ক্ষোভ প্রকাশ করে কাদের মির্জা বলেন, ‘মওদুদ সাহেব পৃথিবী থেকে চলে গেছেন। তার সঙ্গে আমাদের রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার মানসিকতা থাকা উচিত নয়। যারা এই কাজটা করেছেন, কোম্পানীগঞ্জের শোকসভা বন্ধ করে দিয়ে মানুষের মনে আঘাত দিয়েছেন, তাদের জানাজায় কতজন মানুষ হয় দেখবেন।’

ফেইসবুক লাইভে ভাগ্নে রাহাতের পাল্টা অভিযোগ : কাদের মির্জার লাইভের পর তার ভাগ্নে ফখরুল ইসলাম রাহাত গতকাল দুপুর ২টার দিকে পাল্টা ফেইসবুক লাইভে এসে বক্তব্য দেন। তিনি বলেন, ‘কাদের মির্জা আমাদের দলের সব পর্যায়ের নেতাকর্মীর বিরুদ্ধে বিষোদগার করছেন। আমি ওনাকে প্রশ্ন করতে চাই, আপনি কার এজেন্ডা বাস্তবায়নে মাঠে নেমেছেন? আমেরিকাতে আপনার সঙ্গে কোন এজেন্সির বৈঠক হয়েছে? আপনি বিএনপির কার সঙ্গে ওইখানে বৈঠক করে সুপরিকল্পিতভাবে আজকে আওয়ামী লীগের, ওবায়দুল কাদেরের সম্মান ক্ষুণœ করার জন্য মাঠে নেমেছেন?’

মামা কাদের মির্জার বক্তব্যকে মিথ্যাচার উল্লেখ করে রাহাত আরও বলেন, ‘গতকাল আপনি বলেছেন, আপনাকে নাকি সিএমএইচে নেওয়া হবে। আমি মনে করি পাগলের চিকিৎসা সিএমএইচে হয় না। পাগলের চিকিৎসা হয় পাগলা গারদে। প্রিয় নেতা ওবায়দুল কাদের ও প্রিয় নেত্রী শেখ হাসিনাকে বলব, অবিলম্বে তাকে (কাদের মির্জা) কোম্পানীগঞ্জ থেকে তুলে নিয়ে যান। আপনারা তার চিকিৎসার ব্যবস্থা করুন।’

ফখরুল ইসলাম রাহাত স্বাধীনতা ব্যাংকার্স পরিষদের সদস্য। তিনি কোম্পানীগঞ্জে মির্জা কাদেরবিরোধী বলয়ের অন্যতম নেতা হিসেবে পরিচিত।

আ.লীগের দুপক্ষের পাল্টাপাল্টি কর্মসূচি স্থগিত করল পুলিশ : কোম্পানীগঞ্জে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও স্বাধীনতা দিবস উপলক্ষে স্থানীয় আওয়ামী লীগের বিবদমান দুপক্ষের আহ্বান করা পাল্টাপাল্টি কর্মসূচি স্থগিত করে দিয়েছে পুলিশ। কোম্পানীগঞ্জ থানার ওসি মীর জাহেদুল হক রনি গতকাল দুপুরে পাল্টাপাল্টি ওই কর্মসূচি স্থগিতের কথা দেশ রূপান্তরকে জানান।

তিনি বলেন, ‘ঊর্ধ্বতন কর্মকর্তার নির্দেশে এ কর্মসূচি স্থগিত করা হয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে কোম্পানীগঞ্জে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও স্বাধীনতা দিবস উপলক্ষে কোনোপক্ষই কোনো সভা, সমাবেশ বা মিছিল-মিটিং করতে পারবেন না। আইনশৃঙ্খলা রক্ষার্থে সব কর্মসূচি বন্ধ থাকবে।’

এর আগে গত মঙ্গলবার সন্ধ্যায় কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও স্বাধীনতা দিবস উপলক্ষে উপজেলাব্যাপী কর্মসূচি ঘোষণা করে। পরে গতকাল সকালে কাদের মির্জা সমর্থকরা একই উপলক্ষে উপজেলাব্যাপী পাল্টা কর্মসূচি ঘোষণা দেয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত