সোনারগাঁ উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের খংসারদী ব্রিজের নিচ থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার সকালে স্থানীয়রা ব্রিজের নিচে যুবকটির লাশ দেখতে পেয়ে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে।
এ সময় ব্রিজের উপর থেকে আলামত হিসেবে পুলিশ একটি গামছা উদ্ধার করেছে। এ ছাড়া সামান্য রক্তের দাগও পেয়েছে।
পুলিশের ধারণা, বেড়ানোর নাম করে ওই যুবককে গাড়িতে করে এখানে এনে বুধবার রাতের কোনো এক সময় ব্রিজের উপরে গামছা পেঁচিয়ে মৃত্যু নিশ্চিত করে লাশটি উপর থেকে নিচে ফেলে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
স্থানীয়রা জানান, নিহত যুবকের গায়ে টি শার্ট, জিন্সপ্যান্ট ও পায়ে কেডস পরিহিত ছিল মুখে কালো ছোট ছোট দাড়ি আছে।
সোনারগাঁ থানার ওসি রফিকুল ইসলাম জানান, অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করে পুলিশ ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। এ হত্যার রহস্য উদ্ঘাটনে কাজ করছে পুলিশ।
