ফেরিতে উঠতে গিয়ে পদ্মায় ট্রাক: নিহত ১

আপডেট : ২৭ মার্চ ২০২১, ১২:১৪ এএম

মুন্সীগঞ্জের লৌহজংয়ের শিমুলিয়া ঘাটে ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাক পদ্মা নদীতে ডুবে যায়। এ ঘটনায় ওই গাড়ির চালক বিল্লাল হোসেন নিহত (২২) নিহত হন। চালকের সহকারী যুবরাজ মাদবর (১৯) আহত হয়।

বৃহস্পতিবার রাত ১২টার দিকে শিমুলিয়া ৩ নম্বর ফেরি ঘাটে এ দুর্ঘটনা ঘটে। নিহত বিল্লাল শরীয়তপুরের জাজিরা উপজেলার সেনেরচর এলাকার হযরত আলীর ছেলে। রাত সাড়ে ৩টার দিকে নিহত বিল্লালের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

মাওয়া ট্রাফিক পুলিশের ইনচার্জ হিলাল উদ্দিন জানান, রাতে ফেরিতে করে নদী পারাপারের জন্য ঢাকা থেকে বাংলাবাজারগামী লোহার সরঞ্জামবাহী ট্রাকটি ঘাটে আসে। রাত ১২টার দিকে ৩ নম্বর ফেরিঘাটের পল্টুন বরাবর নামার সময় নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি পদ্মা নদীতে পড়ে ডুবে যায়। এ সময় ওই গাড়ির হেলপার যুবরাজ কোনোমতে গাড়ি থেকে বের হয়ে সাঁতরে উঠতে পারলেও চালক গাড়িতেই আটকা পড়লে তার মৃত্যু হয়। শ্রীনগর ফায়ার সার্ভিস ও ডুবুরি দল নদী থেকে নিহতের মরদেহ ও গাড়িটি উদ্ধার করে। গাড়ির সরঞ্জাম উদ্ধারের চেষ্টা চলছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত