৫ ব্রিটিশ এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা

আপডেট : ২৭ মার্চ ২০২১, ১২:২৪ এএম

মিথ্যা এবং ভুল তথ্য ছড়ানোর অভিযোগ এনে যুক্তরাজ্যের পাঁচ এমপিসহ দেশটির ৯ নাগরিকের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে চীন।

নিষেধাজ্ঞার আওতায় থাকা ব্যক্তিরা চীনের সব থেকে সরব সমালোচক এবং শিনজিয়াংয়ে উইঘুর মুসলমানদের ওপর মানবাধিকার লঙ্ঘনের যে অভিযোগ উঠেছে, তা নিয়ে কাজ করছেন বলে খবর দিয়েছে বিবিসি।

গত সোমবার চীনের কয়েক কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ), যুক্তরাজ্য ও কানাডা। এর পাল্টা ব্যবস্থা হিসেবে গতকাল শুক্রবার চীন এ নিষেধাজ্ঞা আরোপ করল। নিষেধাজ্ঞার প্রতিক্রিয়ায় এক টুইটে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন বলেছেন, ‘যারা নিষেধাজ্ঞার শিকার হয়েছেন, তারা বড় ধরনের মানবাধিকার লঙ্ঘনের ওপর আলোকপাত করেছেন। নিপীড়নের বিরুদ্ধে কথা বলার স্বাধীনতা মানুষের মৌলিক অধিকার এবং আমি দৃঢ়ভাবে তাদের পাশে আছি।’

নিষেধাজ্ঞা পাওয়া কনজারভেটিভ পার্টির সাবেক নেতা এমপি লিন ডানকান স্মিথ বলেছেন, ‘এ নিষেধাজ্ঞাকে আমি সম্মানজনক ব্যাজ হিসেবে পরব।’

নিষেধাজ্ঞার ফলে তারা চীন, হংকং ও ম্যাকাউতে প্রবেশ করতে পারবেন না, ওইসব জায়গায় তাদের সম্পত্তি বাজেয়াপ্ত হবে এবং চীনের কোনো নাগরিক বা প্রতিষ্ঠান তাদের সঙ্গে কোনো ধরনের ব্যবসা-বাণিজ্য করতে পারবেন না।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত