স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও জাতীয় দিবস উদ্‌যাপন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর

আপডেট : ২৭ মার্চ ২০২১, ০৫:৪৯ পিএম

মুজিব বর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর তাৎপর্যময় বছরে যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার সঙ্গে ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্‌যাপন করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী।

এ উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের শহীদ সদস্যদেরসহ মুক্তিযুদ্ধের বীর শহীদদের বিদেহী আত্মার মাগফিরাত এবং জাতির সুখ, শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে বাহিনীর সদরদপ্তরসহ সকল ইউনিটের মসজিদসমূহে মিলাদ মাহফিল ও বিশেষ মোনাজাত করা হয়। এতে বাহিনীর সকল কর্মকর্তা ও সদস্যরা অংশগ্রহণ করেন।

দিবসটি উপলক্ষে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল মিজানুর রহমান শামীম শহীদদের প্রতি গভীর শ্রদ্ধায় আনসার ভিডিপি একাডেমি স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন।

এ সময়ে উপস্থিত ছিলেন অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল খোন্দকার ফরিদ হাসান, কমান্ড্যান্ট আনসার ভিডিপি একাডেমি, উপ মহাপরিচালক (প্রশাসন), উপ মহাপরিচালক (অপারেশনস্) সহ বাহিনীর অন্যান্য কর্মকর্তা, কর্মচারী ও সদস্যরা।

এ উপলক্ষে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদরদপ্তর, একাডেমি, রেঞ্জ, ব্যাটালিয়ন, জেলা ও ভিটিসিসহ সকল ইউনিটে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ বিষয়ক বিশেষ প্রামাণ্য চিত্র/ভিডিও প্রদর্শন করা হয়।

এছাড়াও বাহিনীর অর্কেস্ট্রা দল কর্তৃক আনসার ও  গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদরদপ্তরে স্বাধীনতার গান পরিবেশন করা হয়।

এই বিশেষ দিনটি স্মরণীয় করে রাখতে বাহিনীর সদরদপ্তরসহ সকল ইউনিটে সৌন্দর্যবর্ধন, আলোকসজ্জা ও প্রীতিভোজের আয়োজন করা হয়। এতে বাহিনীর মহাপরিচালকসহ সকল স্তরের কর্মকর্তা, কর্মচারী ও সদস্যরা উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত