চট্টগ্রামের হাটহাজারী এলাকায় কওমি মাদ্রাসার ছাত্ররা রেললাইনের স্লিপার তুলে ফেলায় চট্টগ্রাম-নাজিরহাট ও চট্টগ্রাম-পটিয়া-দোহাজারী লাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
শনিবার সারাদিন ও রবিবার হরতাল চলাকালে সকাল থেকে কোনো ট্রেন চলাচল করেনি এই দুই রুটে।
এ ব্যাপারে চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের ম্যানেজার রতন কুমার চৌধুরী জানান, চট্টগ্রাম-নাজিরহাট ও চট্টগ্রাম-দোহাজারী লাইনে আজও কোনো ট্রেন চলাচল করেনি। চট্টগ্রাম থেকে ঢাকা-সিলেটসহ অন্যান্য রুটের সকল ট্রেন ছেড়ে গেছে।
তবে ঢাকা থেকে চট্টগ্রাম এক্সপ্রেস প্রতিদিন ভোর সাড়ে ৪টায় আসলেও শনিবার এসেছে সকাল সাড়ে ১১টায়। ছেড়ে গেছে বিকেল সাড়ে ৪টায়।
মোদিবিরোধী বিক্ষোভে পুলিশ ও সরকার সমর্থকদের বাধার ফলে সৃষ্ট ত্রিমুখী সংঘর্ষে নেতাকর্মী নিহত ও আহত হওয়ার প্রতিবাদে হেফাজতে ইসলামের ডাকা সকাল-সন্ধ্যা হরতাল চলছে।
উল্লেখ্য, গত শুক্রবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফর ঘিরে প্রতিবাদে নেমে পুলিশ ও সরকার সমর্থকদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন ইসলামি দলগুলোর নেতাকর্মীরা। জুমার নামাজের পর বায়তুল মোকাররম মসজিদ এলাকায় সংঘর্ষ শুরু হয়। এ ঘটনায় অর্ধশতাধিক আহত হন।
এ ঘটনার প্রতিবাদে চট্টগ্রামের হাটহাজারী ও ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ মিছিল বের করলে পুলিশের সঙ্গে হেফাজত নেতাকর্মী ও সমর্থকদের সংঘর্ষ হয়। এতে হাটহাজারীতে চারজন আর ব্রাহ্মণবাড়িয়ায় একজন নিহত হন।
শনিবার বিকেলেও ব্রাহ্মণবাড়িয়ায় বিজিবি ও পুলিশ এবং আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের সঙ্গে হেফাজত নেতাকর্মীদের সংঘর্ষ হয়। এতে গুলিবিদ্ধ হয়ে কমপক্ষে পাঁচজন নিহত হন।
