সাতক্ষীরার হাড়দ্দহা সীমান্তবর্তী ইছামতী নদী থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
সাতক্ষীরার ভোমরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইসরাইল হোসেন গাজী জানান, রোববার বেলা ১১টার দিকে সাতক্ষীরা সদরের হাড়দ্দহা সীমান্তবর্তী ১নম্বর মেইল পিলারের দক্ষিণে ইছামতী নদীর ভাঙা নামক স্থান থেকে এ লাশ উদ্ধার করা হয়।
ভোমরা ইউপি’র ২নং ওয়ার্ডের সদস্য আব্দুল গণি জানান, রোববার সকালে নদীতে মাছ ধরতে গিয়ে কয়েকজন জেলে এক যুবকের লাশ ভাসতে দেখে তাকে খবর দেয়। বিষয়টি সদর থানাকে জানানো হলে পুলিশ সকাল ১১টার দিকে ওই লাশ উদ্ধার করে।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আসাদুজ্জামান জানান, মৃতের গলায় একটি রুমাল প্যাঁচানো ছিল। তার ডান হাতে একটি ব্রেসলেট ও বাম হাতে একটি ঘড়ি রয়েছে। গায়ে সাদা রঙের গেঞ্জি ও জিনসের প্যান্ট পরা ছিল।
আনুমানিক ৩৫ বছর বয়সের ওই যুবককে কয়েক দিন আগেই শ্বাসরোধ করে হত্যার পর লাশ নদীতে ভাসিয়ে দেওয়া হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। লাশের ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
