রূপগঞ্জে দুই বাসের সংঘর্ষে নিহত ১

আপডেট : ২৯ মার্চ ২০২১, ১০:২৪ এএম

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আকাশ মিয়া নামে এক বাস চালক নিহত হয়েছেন।

এ সময় বাসে থাকা আরও অন্তত ২০ জন যাত্রী আহত হয়েছেন বলে জানা যায়।

সোমবার সকাল আটটার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের আধুরিয়া মাহনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আকাশ মিয়া নরসিংদী জেলার রায়পুরা থানার বারিচা শিবপুর এলাকার মৃত ছমরউদ্দিনের ছেলে। 

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল পৌনে আটটার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের আধুরিয়া মাহনা এলাকায় দুটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলে একজন নিহত হয়। বাসের প্রায় ২০ জন যাত্রী আহত হন।

খবর পেয়ে কাচঁপুর হাইওয়ে থানা-পুলিশ এবং কাঞ্চন ও আড়াইহাজার ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালে পাঠায়। 

কাঞ্চন ফায়ার সার্ভিসের ইনচার্জ শাহ-আলম বলেন, খবর পেয়ে কাঞ্চন ও আড়াইহাজার ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যক্রম চালায়। এ সময় আকাশ নামে এক বাস চালককে নিহত অবস্থায় উদ্ধার করা হয়। তবে হতাহতের সংখ্যা আরও বেশি হতে পারে। লাশ কাচপুর হাইওয়ে থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত