শরীয়তপুরের নড়িয়া উপজেলায় ১ হাজার ২০০ কেজি জাটকাসহ তিনজনকে আটক করেছে নৌপুলিশ। এ সময় তিনটি নছিমন জব্দ করা হয়। গত সোমবার সকাল ৯টার দিকে সুরেশ^র ফাঁড়ির নৌপুলিশ অভিযান চালিয়ে উপজেলার পদ্মা নদীর পাড় বাঁশতলা এলাকা থেকে তাদের আটক করে।
আটক ব্যক্তিরা হলেন শরীয়তপুর জেলার গোসাইরহাট উপজেলার গরিবেরচর গ্রামের সবুজ হাওলাদার (২৬), আবু ব্যাপারীপাড়া গ্রামের খবির হাওলাদার (২৫) ও ডামুড্যা উপজেলার দাইমি চরভয়রা গ্রামের হাইয়ুম মাঝি (৩০)।
আটক প্রত্যেককে দুপুরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক মাস করে কারাদ- দেন নড়িয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোরশেদুল ইসলাম। তিনি বলেন, জাটকা ধরা, পরিবহন ও বিক্রি করা সম্পূর্ণ নিষেধ। তবুও কিছু মানুষ সরকারের নিষেধাজ্ঞা অমান্য করে এগুলো করতে চেষ্টা করছেন। তাই তাদের আইনের আওতায় এনে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জেল-জরিমানা করা হচ্ছে। জব্দ করা মাছ স্থানীয় এতিমখানা, মাদ্রাসা ও দুস্থদের মাঝে বিতরণ করা হয়।
