আমরা যে বেশি খুশি হলাম, সেটাই কাল হয়ে গেছে: স্বাস্থ্যমন্ত্রী

আপডেট : ৩১ মার্চ ২০২১, ১০:৩২ পিএম

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ‘আমরা কোভিড মোকাবিলায় সক্ষম হয়েছিলাম। জাতিসংঘ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা আমাদের প্রশংসা করেছে। আমরা খুশি হয়েছিলাম। আমরা যে বেশি খুশি হলাম, সেটাই আমাদের জন্য কাল হয়ে গিয়েছে।’

কোভিড-১৯ পরিস্থিতির ক্রমাগত অবনতি, হাসপাতালের সুযোগ–সুবিধা ও শয্যা বৃদ্ধি বিষয়ে বেসরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালগুলোর সংগঠন বাংলাদেশ প্রাইভেট মেডিকেল কলেজ অ্যাসোসিয়েশনের (বিপিএমসিএ) অন্তর্ভুক্ত প্রতিষ্ঠান ও হাসপাতালের প্রতিনিধিদের সঙ্গে এক অনলাইন মতবিনিময় সভায় স্বাস্থ্যমন্ত্রী এসব বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আমাদের দেশের মানুষ খুব বেশি আত্মবিশ্বাসী হয়ে গিয়েছিল। বান্দরবান, কক্সবাজার ও অন্যান্য পর্যটনকেন্দ্রগুলোতে ২৫ লাখ লোক গেছে গত এক মাসে। বাস, ট্রাক, রাস্তাঘাটে কেউ স্বাস্থ্যবিধি মেনে চলেনি। সেটা আমাদের জন্য কাল হয়ে গেছে। এটা আমাদের জন্য একটি অশনিসংকেতের মতো হয়েছে।’

তিনি বলেন, ‘নিজেরা নিজেদের রক্ষা করেন। পরিবারকে রক্ষা করেন। প্রতিবেশী, আপনজন ও দেশকে রক্ষা করেন। শুধু সেবা দিয়ে কুলানো যাবে না, যদি নিয়ন্ত্রণ না করি।’

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আমরা এখন সংক্রমণ দমাতে না পারলে, নিয়ন্ত্রণের বাইরে গেলে আর পারব না। আমরা হাসপাতালে বেড না হয় বাড়ালাম, কিন্তু রোগী আরও বাড়লে লাভ হবে না। প্রতিদিন ৫০০০ লোক আক্রান্ত হলে এবং সবাই হাসপাতালে আসলে, সারা দেশকে হাসপাতালে রূপান্তর করলেও রোগীর জায়গা দিতে পারব না।’

রাজধানীর সরকারি-বেসরকারি হাসপাতালে করোনাভাইরাসে আক্রান্ত রোগী রাখার জায়গা নেই জানিয়ে তিনি বলেন, ‘ঢাকার বাইরে গাজীপুর, টাঙ্গাইল, নারায়ণগঞ্জ, কুমিল্লায় রোগী যায় না। বেড (শয্যা) পড়ে আছে। ঢাকায় জোরাজুরি না করে কাছের জেলাগুলোতে গিয়ে সেবা নিতে পারেন। সেখানে সব সেবার ব্যবস্থা আছে।’

মন্ত্রী বলেন, দুই হাজার নাজাল ক্যানুলা মেশিন ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে পাঠানো হয়েছে। তা ছাড়া ২ হাজার ৫০০ শয্যাও বাড়ানো হবে।

স্বাস্থ্যশিক্ষা ও পরিবারকল্যাণ বিভাগের সচিব মো. আলী নূর এ সময় উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত