আলমডাঙ্গায় অপহৃত শিশু উদ্ধার, চাচাসহ আটক ৫

আপডেট : ০১ এপ্রিল ২০২১, ০৩:২৬ পিএম

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় বিকেলে অপহরণ হওয়া শিশুকে রাতে উদ্ধার করেছে পুলিশ। আটক করা হয়েছে শিশুর চাচাসহ পাঁচজনকে।

উপজেলার আনন্দধাম এলাকার একটি বাড়ি থেকে বুধবার মধ্যরাত ৩টার দিকে অপহৃত ৫ বছর বয়সী সিফাতকে উদ্ধার করা হয়।

অপহৃত শিশু কাজী ফারহান সিফাত কলেজপাড়ার এলাকার দন্ত চিকিৎসক কাজী সজীবের একমাত্র ছেলে।

পুলিশ জানায়, গতকাল বুধবার বিকেলে আলমডাঙ্গা পৌর এলাকার কলেজপাড়ায় বাড়ির সামনে থেকে মোটরসাইকেলে করে জুস কিনে দেয়ার নাম করে শিশু সিফাতকে ফিল্মি স্টাইলে অপহরণ করে দুর্বৃত্তরা।

রাতেই শিশুটির বাবা কাজী সজীব আলমডাঙ্গা থানায় একটি লিখিত অভিযোগ করেন।

রাত ১০টার দিকে মোবাইল ফোনে কল দিয়ে ১০ লাখ টাকা মুক্তিপণ চায় অপহরণকারীরা। টাকা না দিলে ওই শিশুপুত্রকে খুন করার হুমকিও দেয় অপহরণ চক্রের সদস্যরা। এরপর অভিযানে নামে পুলিশ। অভিযানের একপর্যায়ে মধ্যরাত ৩টার দিকে উপজেলার আনন্দধাম এলাকা থেকে শিশুটির বাবা কাজী সজীবের আপন চাচাতো ভাই সুমনসহ আরও ৫ জনকে আটক করে পুলিশ।

আটকৃত অন্য চারজন হলেন- আনন্দধাম ক্যানালপাড়ার মিজানের ছেলে শাওন (২৫), লুৎফরের ছেলে আকাশ (২০), সেলিমের স্ত্রী রাশেদা (৪০) ও আশাননগরের আকমল শেখের ছেলে খোরশেদ (৩৫)। 

বৃহস্পতিবার দুপুরে আলমডাঙ্গা থানায় আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম জানান, শিশুটির বাবা একটি লিখিত অভিযোগের পর অভিযান শুরু করে পুলিশ। শহরের বিভিন্ন স্থানের সিসিটিভি ক্যামেরার মাধ্যমে অভিযুক্ত ব্যক্তিদের শনাক্তের চেষ্টা করা হয়।

সারা রাত অভিযানের পর মধ্যরাত ৩টার দিকে আনন্দধাম এলাকার একটি বাড়ি থেকে অপহরণের মূল পরিকল্পনাকারী সজীবের চাচাতো ভাই কাজী সুমনসহ পাঁচজনকে আটক করা হয়। এ সময় অপহরণ কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়েছে।

আলমডাঙ্গা থানার ওসি আলমগীর কবীর জানান, সুমনই অপহরণের মূল পরিকল্পনাকারী। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে বিষয়টি স্বীকার করেছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত