আওয়ামী লীগের কমিটি গঠন নিয়ে সংঘর্ষে নিহত ১

আপডেট : ০১ এপ্রিল ২০২১, ০৯:১৬ পিএম

পাবনার সাঁথিয়া উপজেলার ওয়ার্ড আওয়ামী লীগের কমিটি গঠন নিয়ে বিরোধের জেরে দু’পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত দশজন আহত হন। গুরুতর আহত পাঁচজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। নিহতের নাম আলহাজ শেখ (৩৫)। তিনি উপজেলার ঘুঘুদহ পূর্বপাড়া গ্রামের মানিক শেখের ছেলে এবং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শরবেশ শেখের নাতি।

স্থানীয়রা জানান, গৌরিগ্রাম ইউনিয়নের নয় নাম্বার ওয়ার্ড আওয়ামী লীগের কমিটি গঠন নিয়ে বেশ কিছু দিন ধরে স্থানীয় শরবেশ শেখ ও মোসলেম মাস্টার গ্রুপের মধ্যে বিরোধ চলে আসছিল।

সোমবার ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সম্মেলনে শরবেশ শেখ সভাপতি নির্বাচিত হন। এতে ক্ষুব্ধ হন মোসলেম মাস্টার ও তার সমর্থকরা।

বৃহস্পতিবার সকালে নবনির্বাচিত সভাপতি শরবেশ শেখ গ্রুপের লোকজন ঘুঘুদহ পূর্বপাড়া মাঠে কাজ করতে গেলে তাদের সঙ্গে কথা কাটাকাটি হয় মোসলেম মাস্টার গ্রুপের লোকজনের। একপর্যায়ে দু’পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে আলহাজ শেখ ফালাবিদ্ধসহ বেশ কয়েকজন আহত হন। তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আলহাজকে মৃত ঘোষণা করেন। আহতদের সাঁথিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মতিউর রহমান ও আব্দুল খালেককে পাবনা জেনারেল হাসপাতলে প্রেরণ করা হয়েছে।

বেড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জিল্লুর রহমান ও সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে সংঘর্ষে ব্যবহৃত লাঠি, ফালা, তীর-ধনুকসহ দেশীয় অস্ত্র উদ্ধার করেন। অতিরিক্ত পুলিশ সুপার জিল্লুর রহমান জানান, নিজেদের অভ্যন্তরীণ নেতৃত্বের কোন্দলকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সাঁথিয়া থানায় মামলার প্রক্রিয়া চলছে। জিজ্ঞাসাবাদের জন্য ১৩ জনকে আটক করা হয়েছে। পুনরায় সংঘর্ষ এড়াতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতয়েন করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত